আশুলিয়ায় আনসার আল ইসলামের ২ সদস্য গ্রেপ্তার

আশুলিয়ার জিরাবোতে অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গত সোমবার রাত ১১টার দিকে জিরাবো বাসস্ট্যান্ডের একটি হোটেলের সামনে থেকে গ্রেপ্তার ওই দুজনকে বুধবার দুপুরে আশুলিয়া থানা পুলিশ আদালতে পাঠিয়েছে। এর আগে মঙ্গলবার রাতে তাদের আশুলিয়ায় থানায় হস্তান্তর ও মামলা করে র‌্যাব।

গ্রেপ্তাররা হলেন ময়মনসিংহের সদর উপজেলার পুরোহিতপাড়া গ্রামের মৃত আবুল হাসানের ছেলে আবদুর রহমান (৪০) এবং নেত্রকোনার পূর্বধোলা উপজেলার হোগলা গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে মো. শাহাদাত (৩৮)।

র‌্যাব-১-এর সহকারী পুলিশ সুপার সালাউদ্দিন হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে জিরাবো বাসস্ট্যান্ডের একটি হোটেলের সামনে থেকে রহমান ও শাহাদাতকে গ্রেপ্তার করা হয়। তারা ময়মনসিংহ দারুল উলুম হক্কানিয়া কওমি মাদ্রাসার শিক্ষক। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুজন এখানে সাংগঠনিক কার্যক্রমের জন্য এসেছিলেন।

গ্রেপ্তারের সময় তাদের থেকে উগ্রবাদী বই, লিফলেট ও সদস্য অন্তর্ভুক্তির ফরম উদ্ধার করা হয়েছে বলেও জানান র‌্যাব কর্মকর্তা সালাউদ্দিন।