জুভেন্তাসের হার, পিছিয়ে পড়লেন রোনালদোও

ইউরোপের সর্বোচ্চ গোলদাতা হওয়ার হওয়ার দৌড়ে পিছিয়ে পড়লেন ক্রিস্তিয়ানো রোনালদো। ক্যালিয়ারির বিপক্ষে গোল করতে ব্যর্থ হয়েছেন তিনি। তাতে ইউরোপীয় ‘গোল্ডেন শু’ জয়ের রেসে পিছিয়ে পড়েছেন বেশ খানিকটা। সঙ্গে তার জন্য আরো হতাশার হয়ে এসেছে দলের হার।

লিগ শিরোপা নিশ্চিত হওয়ার ঠিক পরের ম্যাচটিতেই হেরে বসেছে জুভেন্তাস। ক্যালিয়ারির মাঠে ২-০ গোলে হেরেছে তারা।

সিরি আ-তে এ মৌসুমে রোনালদোর গোল এখন পর্যন্ত ৩১টি। ‘গোল্ডেন শু’ জয়ের রেসে বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার রবার্ট লেভানডোফস্কি, লাৎসিওর চিরো ইমোবিলের সঙ্গে লড়াইয়ে ছিলেন।

কিন্তু বুধবার রাত তার জন্য ছিল হতাশার। এদিকে ব্রেসিয়াকে ২-০ গোলে হারানো ম্যাচে লাৎসিওর ইমোবিলে পেয়েছেন ৩৫তম গোলের দেখা। রোনালদোর সঙ্গে তাতে ব্যবধান ৪-এ নিয়ে গেছেন তিনি। পেছনে ফেলে দিয়েছেন লেভানডোফস্কিকেও (৩৪ গোল)।

আর মাত্র এক ম্যাচ হাতে। সেই এক ম্যাচে অবিশ্বাস্য কিছু না ঘটলে রোনাদলো ইমোবিলের কাছে হেরে যাচ্ছেন এটা বলাই যায়।

ইমোবিলে বরং আরেকটি মাইলফলক ছোঁয়ার অপেক্ষায়। আর এক গোল করলেই সিরি আ-তে এক মৌসুমে সর্বোচ্চ ৩৬ গোল করার রেকর্ড ছুঁবেন তিনি।

যে রেকর্ড এখন শুধুই গঞ্জালো হিগুয়েইনের দখলে। ২০১৫-১৬ মৌসুমে ৩৬ গোল করেছিলেন তিনি।

এদিন জুভেন্তাস ৮ মিনিটেই লুকা গাগলিয়ানোর গোলে পিছিয়ে পড়েছিল। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন জিওভান্নি সিমেওনে। দ্বিতীয়ার্ধের পুরোটা সময় হাতে পেলেও সমতা তো দূরে থাক, ব্যবধানও কমাতে পারেনি টানা নবম শিরোপা নিশ্চিত করা জুভরা।