পরিচালকদের ঘোষণা ছাড়া শেয়ার বিক্রি, কারখানা বন্ধ ও শেয়ার ধারণের তথ্য প্রকাশ না করায় তালিকাভুক্ত তিন কোম্পানির পরিচালকদের জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল বুধবার কমিশনের নিয়মিত সভায় বস্ত্র খাতের কোম্পানি সিঅ্যান্ডএ টেক্সটাইল এবং তুংহাই নিটিং অ্যান্ড ডায়িং লিমিটেডের পরিচালকদের (স্বতন্ত্র ব্যতীত) সম্মিলিতভাবে মোট ২৩ কোটি টাকা জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া আইপিও প্রসপেক্টাসে তথ্য গোপন করায় তালিকাভুক্ত বিবিএস কেবলসের সকল পরিচালককে (স্বতন্ত্র ব্যতীত) প্রত্যেককে পাঁচ লাখ টাকা করে মোট ২৫ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। একই সঙ্গে ভবিষ্যতে অন্য কোনো তালিকাভুক্ত কোম্পানির পরিচালক পদে তাদের নিয়োগের ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত হয়েছে।
বিজ্ঞপ্তিতে কমিশন জানিয়েছে, সিঅ্যান্ডএ ব্যবস্থাপনা পরিচালক রোকসানা মোর্শেদ এবং দুই পরিচালক শারমিন আক্তার লাভলী ও বাংলাদেশ সুজ ইন্ডাস্ট্রিজ ঘোষণা ছাড়া গোপনে ১ কোটি ২২ লাখ শেয়ার বিক্রি করে। যার দাম ১২ কোটি ১৮ লাখ টাকা।
এই তিন পরিচালকের শেয়ার বিক্রির পর থেকে কোম্পানিটির কার্যক্রম বন্ধ আছে। ওই বিক্রিতে সিকিউরিটিজ আইন লঙ্ঘন হওয়ায় রোকসানা মোর্শেদকে ৮ কোটি টাকা, শারমিন আক্তার লাভলীকে ৪ কোটি ও বাংলাদেশ সুজ ইন্ডাস্ট্রিজকে ২ কোটি টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। যদিও কোম্পানিটির অধিকাংশ পরিচালকের হদিস নেই।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোম্পানিটি ২০১৭ সালের আগস্ট থেকে ২০১৮ সালের আগস্ট পর্যন্ত সময়ে বিধি মোতাবেক মাসিক ভিত্তিতে শেয়ারহোল্ডিং প্রতিবেদন দাখিল করেনি। একইভাবে তুং হাই নিটিং অ্যান্ড ডায়িং ২০১৭ সালের ডিসেম্বর থেকে ২০১৮ সালের আগস্ট পর্যন্ত সময়ে বিধি মোতাবেক মাসিক ভিত্তিতে শেয়ারহোল্ডিং প্রতিবেদন দাখিল করেনি। এ সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের পাঠানো বিষয়ে কোম্পানিগুলোর পক্ষ থেকে কোনো জবাব পাওয়া যায়নি। এসব কর্মকা-ের মাধ্যমে কোম্পানি দুটি ডিএসইর লিস্টিং রেগুলেশন-২০১৫-এর বিধান লঙ্ঘন করেছে। এ বিষয়ে কোম্পানির পরিচালনা পর্ষদকে শুনানিতে ডাকা হলেও তারা কমিশনের শুনানিতে অনুপস্থিত ছিলেন। তাছাড়া ডিএসই কর্র্তৃক কোম্পানি দুটির কারখানা পরিদর্শনে গেলে তা তালাবদ্ধ পাওয়া যায়। উপরোক্ত সিকিউরিটিজ আইন লঙ্ঘনের জন্য কমিশন সিঅ্যান্ডএ টেক্সটাইল এবং তুংহাই নিটিং অ্যান্ড ডায়িংয়ের স্বতন্ত্র পরিচালক ব্যতীত প্রত্যেক পরিচালককে ১ কোটি টাকা করে জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই হিসাবে সিঅ্যান্ডএ টেক্সটাইলের পর্ষদে চেয়ারম্যান হিসেবে গাজী গোলাম জাকারিয়া জ্যোতি, ব্যবস্থাপনা পরিচালক রোকসানা মোর্শেদ, পরিচালক হিসেবে ইফতেখার আব্দুল হাই, শারমিন আক্তার লাভলী এবং বাংলাদেশ সুজ ইন্ডাস্ট্রিজের মনোনীত পরিচালক হিসেবে মহিউদ্দিন আহমেদ নকীব রয়েছেন। প্রত্যেক পরিচালককে ১ কোটি করে মোট ৫ কোটি টাকা জরিমানা দিতে হবে।
অন্যদিকে তুং হাই নিটিং অ্যান্ড ডায়িংয়ের পর্ষদে চেয়ারম্যান হিসেবে আনজুমান আরা খান, প্রধান নির্বাহী ও পরিচালক হিসেবে মো. এহসানুর রহমান, পরিচালক হিসেবে নাফরিন মাহবুব ও আফরিন মাহবুব রয়েছেন। প্রত্যেককে ১ কোটি করে ৪ কোটি টাকা জরিমানা দিতে হবে।
এ ছাড়া আইপিও প্রসপেক্টাসে তথ্য গোপন করায় তালিকাভুক্ত বিবিএস কেবলসের ৫ পরিচালকের (স্বতন্ত্র ব্যতীত) প্রত্যেককে পাঁচ লাখ টাকা করে জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা এসইসি। যাচাই না করে নিরীক্ষক প্রতিষ্ঠান আহমেদ জাকের অ্যান্ড কোং এবং দুই ইস্যু ম্যানেজার বেনকো ফাইন্যান্স ও আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট কোম্পানি প্রদত্ত তথ্য সঠিক বলে নিশ্চয়তা পত্র দেওয়ায় তাদেরও প্রত্যেককে পাঁচ লাখ টাকা করে জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।