আর্থিক সংকট সমাধানে ইংল্যান্ডকে চায় উইন্ডিজ

করোনা প্রাদুর্ভাবের মধ্যেই ইংল্যান্ড সফর করল উইন্ডিজ। অবশ্য সফরটি এমনিতেই হয়নি। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ ধার পাওয়াতে সফরে আসতে রাজি হয় উইন্ডিজ। নিজেদের আর্থিক অবস্থা ভালো নয় বলে সফর করতে বাধ্য হন জেসন হোল্ডাররা। এবার ইংলিশদের কাছ থেকে আরও একটু সাহায্য পেতে জো রুটদের উইন্ডিজ সফরের আমন্ত্রণ জানিয়ে গেলেন হোল্ডার।

উইন্ডিজ অধিনায়কের প্রস্তাব, সম্ভব হলে বছরের শেষে যেন ক্যারিবীয় সফরে যায় ইংল্যান্ড। তাতে উইন্ডিজ আর্থিকভাবে বেশ উপকৃত হবে। ‘এই সিরিজের পর আন্তর্জাতিক ক্যালেন্ডারের কী হবে তা জানি না। তবে ইংল্যান্ড যদি এ বছর শেষের আগেই উইন্ডিজে যাওয়ার সুযোগ পায় তবে আমি নিশ্চিত ওই সফরটি আমাদের ক্রিকেট বোর্ডকে আর্থিকভাবে অনেক সাহায্য করবে। গত দুই বছর ধরে উইন্ডিজ ক্রিকেট বোর্ড আর্থিকভাবে খুব কঠিন সময় পার করছে। আমাদের ক্রিকেটারদের পে কাট পর্যন্ত মেনে নিতে হয়েছে। তাই বছরের শেষদিকে যদি একটি হোম সিরিজ আয়োজন করতে পারি তবে আমার বিশ্বাস প্রতিষ্ঠান হিসেবে আমরা ভেসে থাকতে পারব’ বলেছেন হোল্ডার।

স্বাস্থ্য সুরক্ষার বলয়ে প্রায় দেড় মাসের মতো থাকতে হয়েছে হোল্ডারদের। এই সময়ে নিজের ইচ্ছামতো কিছুই করতে পারেননি। মানসিকভাবে বিমর্ষতা ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের বাকি দুই টেস্টে তাদের ফল খারাপের অন্যতম কারণ বলে জানিয়েছেন হোল্ডার মঙ্গলবার সিরিজ শেষের সংবাদ সম্মেলনে। তবে দেশে ফিরে এই অবস্থা কাটিয়ে উঠবেন বলেও জানান উইন্ডিজ অধিনায়ক। সেখানে ১৮ আগস্ট থেকে শুরু হচ্ছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ।