মেসি-সুয়ারেজদের নিয়ে সতর্ক নাপোলি কোচ

ইন্তার মিলানের বিপক্ষে সুযোগ কাজে লাগাতে না পারার মাশুল দিতে হয়েছে নাপোলিকে হেরে। মঙ্গলবারের ম্যাচে প্রাণের ঘাটতি চোখে পড়েছে কোচ জেন্নারো গাত্তুসোর। বার্সেলোনার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ম্যাচ সামনে রেখে তাই খেলোয়াড়দের সতর্ক করে দিলেন তিনি।

৭ আগস্ট ন্যু ক্যাম্পে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ফিরতি লেগে বার্সেলোনার মুখোমুখি হবে নাপোলি। প্রথম পর্বে নিজেদের মাঠে ১-১ ড্র করেছিল তারা। মূল্যবান একটি অ্যাওয়ে গোল থাকায় ফিরতি লেগে কিছুটা এগিয়ে আছে কিকে সেতিয়েনের দল। ইউরোপসেরার মঞ্চে যেন সুযোগ হাতছাড়া না হয়, ফরোয়ার্ডদের সেই তাগিদ দিলেন গাত্তুসো।

‘বার্সেলোনা পুরোপুরি ভিন্ন ধরনের দল। ইন্তার খুবই শক্তিনির্ভর ও আগ্রাসী, কিন্তু বার্সেলোনা পাসিংয়ে আরও বেশি ভালো। নিজেদেরকে নিয়ে আমাদের কাজ করতে হবে। কেননা, আমরা সুযোগগুলো তৈরি করছি, কিন্তু কাজে লাগাতে পারছি না; আমাদের খেলায় প্রাণের ঘাটতি থাকছে’ বলেছেন গাত্তুসো।