খুলনায় নিজঘরে যুবককে গলা কেটে হত্যা

খুলনায় মো. বাচ্চু শেখ (৩২) নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোরে নগরীর আড়ংঘাটা থানার তেলিগাতী মধ্যপাড়া নামক স্থানে নিজ ঘরেই এ হত্যাকাণ্ড ঘটে।

পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। তিনি স্থানীয় বাসিন্দা মো. আমজাদ শেখের ছেলে। তিনি প্রবাস ফেরত ছিলেন।

আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার ভোরে বাচ্চু শেখকে গলা কেটে হত্যা করা হয়। প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। তবে, তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাচ্চু শেখ বুধবার রাতে তেলিগাতী মধ্যপাড়াস্থ নিজ ঘরে স্ত্রীর সঙ্গে ঘুমচ্ছিলেন। ভোরে দৃর্বৃত্তরা ঘরে ঢুকেই ধারালো ছুরি দিয়ে তার গলা কেটে হত্যা করে। এ সময় চিৎকার শুনে পাশে থাকা তার স্ত্রী জেগে উঠলেও হত্যাকারী তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে তিনি অচেতন হয়ে পড়েন। 

এদিকে এলাকাবাসী জানিয়েছে, প্রবাসফেরত এই যুবক মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছিলেন। এ কারণে প্রতিপক্ষরা তাকে হত্যা করে থাকতে পারে।