অনেক দিন ধরেই করোনাভাইরাসের অন্যতম হটস্পট হয়ে আছে যুক্তরাষ্ট্রে। অতি ছোঁয়াচে এই ভাইরাসের সংক্রমিত হওয়ার ভয়ে দেশটিতে অনুষ্ঠেয় গ্র্যান্ড স্ল্যাম টেনিস টুর্নামেন্ট ইউএস ওপেন থেকে নাম প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন নারী এককে র্যাঙ্কিং শীর্ষ তারকা অ্যাশলি বার্টি।
বৃহস্পতিবার হার্ড কোর্টের এই গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহারের ঘোষণা দেন এই অস্ট্রেলিয়ান টেনিস তারকা। গত বছর ফরাসি ওপেন জয়ীর দাবি, যুক্তরাষ্ট্রে করোনার মধ্যে খেলা সংক্রমিত হওয়ার ‘তাৎপর্যপূর্ণ ঝুঁকি’ রয়েছে।
করোনাভাইরাসে রীতিমতো পর্যুদস্ত যুক্তরাষ্ট্রে। ওয়ার্ল্ডো মিটারের হিসেব মতে, দেশটিতে করোনায় মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫৩ হাজার, আক্রান্ত ৪৫ লাখ ৬৮ হাজার। আক্রান্ত-মৃত্যুর বৈশ্বিক তালিকায় অনেক আগেই থেকেই শীর্ষে আছে তারা।
সূচি অনুযায়ী, ৩১ আগস্ট থেকে ইউএস ওপেনের খেলা শুরু হবে। এবারের আসর থেকে নাম প্রত্যাহারের ঘোষণা দেওয়া খেলোয়াড়ের বার্টিই সবচেয়ে বড় তারকা।
কেবল ইউএস ওপেনই নয়, করোনার কারণে চলতি বছর যুক্তরাষ্ট্রে কোনো টেনিস টুর্নামেন্টেই অংশগ্রহণ করবেন না বলে এক বিবৃতিতে জানিয়েছেন ২৪ বছর বয়সী বার্টি।
“আমার দল এবং আমি সিদ্ধান্ত নিয়েছি চলতি বছর ওয়েস্টার্ন অ্যান্ড সাউদার্ন ওপেন এবং ইউএস ওপেনের জন্য যুক্তরাষ্ট্র সফর করব না।”
“আমি দুটি ইভেন্টই পছন্দ করি। তাই এটা আমার জন্য কঠিন সিদ্ধান্ত ছিল। তবে এখনো কভিড-১৯ সংক্রান্ত তাৎপর্যপূর্ণ ঝুঁকি রয়েছে। এই পরিস্থিতিতে আমি আমার দল ও আমাকে দেখাটা স্বাচ্ছন্দ্য বোধ করছি না।”
“আমি ইউএস টেনিস অ্যাসোসিয়েশনের সাফল্যজনক টুর্নামেন্ট কামনা করছি এবং আগামী বছর যুক্তরাষ্ট্রে আসার জন্য মুখিয়ে আছি।”