হজে যাওয়ার ৮ লাখ টাকা গরিবদের দিলেন ভারতীয় দম্পতি

পবিত্র হজ পালন করতে যাবেন বলে অনেক কষ্ট করে ৮ লাখ টাকা সঞ্চয় করেছিলেন। কিন্তু করোনার কারণে এ বছর সেই ইচ্ছা পূরণ হয়নি আরিফ শাহ এবং তার স্ত্রীর। পরে সঞ্চয়ের টাকায় অসহায় মানুষদের খাবার কিনে দিয়েছেন।

করোনার কারণে ভারতে ২৪ মার্চ থেকে লকডাউন শুরু হয়। কিন্তু এরপরও সংক্রমণের ভয়াবহতা থেকে মুক্তি পায়নি দেশটি।

‘আমরা মক্কা-মদিনায় যাওয়ার জন্য অধীর অপেক্ষায় ছিলাম,’ জানিয়ে ৪৮ বছর বয়সী আরিফ শাহ দেশটির সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা ধরে নিয়েছি আল্লাহ এ বছর চাননি, তাই তিনি এই অর্থ অন্য মহৎ কাজে ব্যয় করতে বলেছেন।’

আরিফ এবং তার স্ত্রীর গল্প আরব নিউজেও এসেছে। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, করোনার সময়ে যারা কাজ হারিয়েছেন এই পরিবারটি তাদের পাশে দাঁড়িয়েছে।

শাহ গুজরাটের সুরাত শহরে থাকেন। হজে যেতে পারছেন না দেখে তিনি প্রথমে বিষয়টি নিয়ে  বাড়ির সবার সঙ্গে আলাপ করেন। পরে তার ছেলে আকরাম সায় দেন।

আকরাম-আরিফের এই কাজের প্রশংসা করেছে হিন্দুত্ববাদী দল বিজেপিও।

এতগুলো টাকা গরিবদের মাঝে বিলিয়ে দিয়ে এতটুকু আক্ষেপ নেই ৬ সন্তানের পিতা আরিফের, ‘এই অর্থ আমাকে আল্লাহ দিয়েছিলেন। আবার তার ইচ্ছাতেই আমি মানুষের মাঝে বিলিয়ে দিয়েছি।’

তার স্ত্রী রাজিয়ার মন্তব্য এমন, ‘আল্লাহ ডাকলেই আমরা হজে যেতে পারতাম। আমার মনে হয়েছে তিনি ডাকেননি। তিনি হয়তো চেয়েছেন এই অর্থ আমরা মানুষকে দিয়ে দেই। এটাও তো ধর্মীয় কাজ।’