ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার মো. আনোয়ার হোসেন।
তিনি বলেছেন, ‘গাজীপুরে মহাসড়কে যানজট নিরসনে চার শতাধিক পুলিশ সদস্য কাজ করছে। ব্যস্ততম চান্দনা চৌরাস্তাসহ গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বাড়ানো হয়েছে।’
বৃহস্পতিবার দুপুরে গাজীপুর জেলা শহরের রথখোলায় কোরবানির পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন জিএমপি কমিশনার। তিনি আরও বলেন, ‘পশুর হাটে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক রয়েছে। অজ্ঞান পার্টি, মলম পার্টি, ছিনতাই ও চাঁদাবাজি রোধে ব্যবস্থা নেওয়া হয়েছে। হাটগুলোতে স্বাস্থ্যবিধি মেনে চলতে সচেতনতামূলক প্রচারণা অব্যাহত রয়েছে।’
এ সময় সহকারী পুলিশ কমিশনার এ কে এম আহসান হাবীব, সদর থানার ওসি মুহাম্মদ আলমগীর ভূঞা প্রমুখ উপস্থিত ছিলেন।