ডাক্তার দেখাতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার কিশোরী

পটুয়াখালীর গলাচিপায় ডাক্তার দেখাতে গিয়ে দল বেঁধে ধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী (১৬)। গত বুধবার রাতে শহরের পুরাতন লঞ্চঘাট এলাকার একটি আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত অভিযোগে স্থানীয় পাঁচ যুবককে ওই রাতেই গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তাররা হলো– শহিদুল সরদার (২৪), বশির গাজী (৩২), স্বপন সিকদার (৪০), জীতেন হাওলাদার (৩৫) ও খোকন ডাক্তার (৪৫)। তারা সবাই গলাচিপার বিভিন্ন এলাকার বাসিন্দা।

মামলার এজাহারে বলা হয়, বুধবার সন্ধ্যায় ডাক্তার দেখানোর উদ্দেশ্যে গলাচিপার গজালিয়া থেকে বোনের বাড়ি সোনাখালী যাচ্ছিল ওই কিশোরী। পথে পূর্ব পরিচিত শহিদুল ইসলামের সঙ্গে দেখা হয় তার। এ সময় ভালো ডাক্তার দেখানোর কথা বলে তাকে শহরের পুরাতন লঞ্চঘাট এলাকার একটি আবাসিক হোটেলে নিয়ে যায় শহিদুল।

এরপর গভীর রাত পর্যন্ত পালাক্রমে ওই কিশোরীকে ধর্ষণ করে শহিদুল ও তার সহযোগীরা। খবর পেয়ে রাত ২টার দিকে সৈকত আবাসিক নামে ওই হোটেল থেকে কিশোরীকে উদ্ধারসহ ওই পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।

গলাচিপা থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির জানান, এ ঘটনায় ভুক্তভোগী ওই কিশোরী নিজেই বাদী হয়ে মামলা করে। বৃহস্পতিবার আসামিদের আদালতে পাঠানো হয়েছে।