নির্বাচন পেছাতে চাওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প

নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচন স্থগিতের চেষ্টা করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মেইল-ইন ভোটিং নিয়ে শঙ্কা প্রকাশ করে বৃহস্পতিবার ট্রাম্প নিজেই প্রশ্ন ছুঁড়ে দিয়ে লিখেছেন, ‘মানুষ যতদিন সঠিকভাবে, নিরাপদে এবং নিরাপত্তা নিয়ে ভোট দিতে না  পারবে, ততদিন পিছিয়ে দিতে হবে???’

ট্রাম্পের এই টুইটে  খুব বেশি সমর্থন অবশ্য পড়েনি। অধিকাংশ টুইটার ব্যবহারকারী মনে করছেন, নির্বাচন যথাসময়ে হওয়া উচিত।

করোনার এই সময়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে পোস্টাল বা ‘ডাক ভোটিংয়ের’ সুবিধা চাওয়া হচ্ছে। কিন্তু ট্রাম্প সেটি চান না। তিনি মনে করেন, মানুষ সরাসরি ভোট দিতে না পারলে সেই ভোট ‘জালিয়াতির’ ভোট হবে।

যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, ট্রাম্প নিজে নিজে নির্বাচন পেছাতে পারবেন না। এটি করতে কংগ্রেসের অনুমোদন লাগবে।

বিবিসি জানিয়েছে কংগ্রেসের দুটি কক্ষে ট্রাম্পের সরাসরি কোনো প্রভাব নেই।

ট্রাম্প তার টুইটে বলেছেন, ‘এভাবে ভোট হলে সেটি হবে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় ভুলের এবং প্রতারণার নির্বাচন।’