অস্ট্রেলিয়ার রিকি পন্টিং ও ভারতের মহেন্দ্র সিং ধোনির মধ্যে সেরা অধিনায়ক কে? সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভক্তদের করা এমন প্রশ্নের উত্তর দিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।
খেলোয়াড়ি জীবনে প্রতিপক্ষ হিসেবে পন্টিং এবং ধোনি দুজনের সঙ্গেই খেলেছেন আফ্রিদি। পন্টিং-ধোনি দুজনই আন্তর্জাতিক ক্রিকেটে দারুণ সফল অধিনায়ক। দুই দেশ তথা ক্রিকেটের কিংবদন্তি তারা।
পন্টিংয়ের নেতৃত্বে টানা দুটি ওয়ানডে বিশ্বকাপ (২০০৩ ও ২০০৭) জয় করে অস্ট্রেলিয়া। আর ধোনি ভারতকে আইসিসির তিন টুর্নামেন্টেই চ্যাম্পিয়ন করেছেন।
ধোনির নেতৃত্বে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় করে ভারত। ২০১১ সালে জয় করে ওয়ানডে বিশ্বকাপ। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভারতকে চ্যাম্পিয়ন করেছেন ধোনি।
টেস্ট ক্রিকেটেও পন্টিং এবং ধোনি নিজ দেশকে সেরা দল হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। এই দুজনের মধ্যে সেরা বাছতে গিয়ে আফ্রিদি এগিয়ে রাখছেন ধোনিকে।
টুইটারে সেই প্রশ্নোত্তর পর্বে আফ্রিদি ধোনিকে এগিয়ে রেখে বলেন, ‘ধোনিকে আমি পন্টিংয়ের চেয়ে একটু ওপরে রাখি, কারণ সে তরুণদের নিয়ে নতুন একটি দল গড়ে তুলেছিল।’
ভক্তদের সঙ্গে এই প্রশ্নোত্তর পর্বে আফ্রিদি আরো জানান, তার প্রিয় ব্যাটসম্যান ওয়েস্ট ইন্ডিজের ভিভ রিচার্ডস। আর তার কাছে সবসময়ের প্রিয় স্পিনার আব্দুল কাদির। বিশ্বের সেরা বোলার বেছে নিতে গিয়ে আফ্রিদি বলেছেন প্যাট কামিন্সের নাম।