গার্ড অব অনার না দেওয়া

বাঁশখালীর সাংসদকে নির্দোষ দাবি করে চেয়ারম্যানদের বিবৃতি

চট্টগ্রামের বাঁশখালীতে প্রয়াত মুক্তিযোদ্ধা আলী আশরাফকে যথাসময়ে রাষ্ট্রীয় সম্মাননা না দেওয়াকে কেন্দ্র করে এলাকার সাংসদকে জড়ানো হয়েছে দাবি করে নিন্দা জানিয়েছে বাঁশখালীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সংগঠন বাঁশখালী চেয়ারম্যান সমিতি।

গত বুধবার সন্ধ্যায় বাঁশখালীর সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরীকে নির্দোষ দাবি করে বিবৃতি দিয়ে গতকাল বৃহস্পতিবার সকালে তা স্থানীয় গণমাধ্যমকর্মীদের বিতরণ করা হয়।

বিবৃতিতে বলা হয়, গার্ড অব অনার প্রদান না করেই গত ২৭ জুলাই কবর দেওয়া হয় বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আলী আশরাফকে। সেখানে প্রশাসনের দায়িত্বরত কর্মকর্তারা যথাসময়ে উপস্থিত না হওয়ায় গার্ড অব অনার প্রদান করতে পারেনি। কিন্তু এতে দোষ দেওয়া হয় করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রাম শহরের বাসায় আইসোলেশনে থাকা বাঁশখালীর সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরীকে।

বাঁশখালী চেয়ারম্যান সমিতির সভাপতি ও কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান আ ন ম শাহাদত আলম এবং সমিতির সাধারণ সম্পাদক ও চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী স্বাক্ষরিত বিবৃতিতে এ ঘটনার নিন্দা জানিয়ে আরও বলা হয়, বাঁশখালীর উন্নয়ন বাধাগ্রস্ত করতে একটি পক্ষ বারবার মিথ্যা-বানোয়াট ইস্যু তুলে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে।