সৌরভকে ক্রিকেট শেখানো অশোক মুস্তাফি আর নেই

যার হাতে ক্রিকেটে হাতি খড়ি হয়েছিল টিম ইন্ডিয়ার সাবেক অধিনায়ক ও ভারতীয় ক্রিকেট বোর্ড- বিসিসিআই’র বর্তমান সভাপতি সৌরভ গাঙ্গুলির সেই কোচ অশোক মুস্তাফি আর নেই।

দীর্ঘ রোগভোগের পর বৃহস্পতিবার নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে খবর। মৃত্যুকালে মুস্তাফির বয়স হয়েছিল ৮৬ বছর। মৃত্যুকালে রেখে গেছেন স্ত্রী ও লন্ডনে বসবাসরত এক কন্যা।

ক্রিকেটের প্রতি কিশোর সৌরভের মনে ভালোবাসার বীজ বপন করেছিলেন অশোক মুস্তাফিই।  দুখীরাম কোচিং সেন্টার থেকে পথ চলা শুরু হয়েছিল সৌরভের। সেখানেই কিশোর সৌরভের হাতে ব্যাট তুলে দিয়েছিলেন মুস্তাফি। গত এপ্রিলে যখন ছোটবেলার কোচের অসুস্থতার খবর শোনেন সৌরভ, এক মুহূর্ত না ভেবে বাড়িয়ে দিয়েছিলেন সাহায্যের হাত।

শুধু সৌরভই নন, পশ্চিম বাংলার ক্রিকেটের একঝাঁক ক্রিকেটার উঠে এসেছিলেন এই অশোক মুস্তাফির হাত ধরে। অরিন্দম সরকার, প্রবাল দত্ত, পুলক দাস’সহ সৌরভের বন্ধু সঞ্জয় দাসও ছিলেন এই দলে।