৬ জামায়াত-শিবির নেতাকর্মী আটক

সিরাজগঞ্জের উল্লাপাড়ার পৌর সদরের ঝিকরা এলাকার তুশি-তারেক ছাত্রবাস থেকে বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে ৭টি ককটেল, বিপুল জিহাদল বই ও পোস্টারসহ ৬ জামায়াত-শিবির নেতাকর্মীকে আটক করেছে।

আটকরা হলেন, উল্লাপাড়া উপজেলার সদর ইউনিয়নের বাকুয়া গ্রামের মৃত হোসেন আলীর ছেলে উল্লাপাড়া সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি আতাউর রহমান (৫৪), ধামাইকান্দি রশিপাড়া গ্রামের মৃত রহিস উদ্দিন সরকারের ছেলে মাসুম হাসান (২৫), ঘাটিনা গ্রামের লতিফের ছেলে শিবিরকর্মী মনিরুল ইসলাম (২০), গয়হাট্টা গ্রামের আলতাব হোসেনের ছেলে হাসান (২৮), বজ্রাপুর গ্রামের সরোয়ার হোসেনের ছেলে শিবিরকর্মী মনিরুল (৪০) ও সিরাজগঞ্জ শহরের দিয়ারধানগড়া মহল্লার সোবহান শেখের ছেলে শিবিরকর্মী রায়হান আলী (৩০)।

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ওসি দীপক কুমার দাস বলেন, ঈদুল আজহায় নাশকতার পরিকল্পনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ঝিকরার ওই ছাত্রাবাসে অভিযান চালিয়ে এ ছয়জনকে আটক করা হয়। ফলে তাদের নাশকতার পরিকল্পনা নস্যাৎ হয়েছে। রক্ষা পেয়েছে ওই এলাকার মানুষের জানমাল। 

তিনি জানান, এ সময় তাদের কাছে থেকে সাতটি অবিস্ফোরিত ককটেল, বিপুল পোস্টার ও জিহাদি বই উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাবাদে আটকরা পবিত্র ঈদুল আজহায় নাশকতার পরিকল্পনার কথা স্বীকার করেছে। পরবর্তীতে উদ্ধার আলাতম ও আসামীদের আদালতের মাধ্যমে সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।