করোনা পরিস্থিতিতে ক্যারিয়ারের সবচেয়ে লম্বা বিরতিতে আছেন শাকিব খান। নতুন খবর হলো, ভক্তদের প্রতীক্ষার অবসান ঘটিয়ে নতুন ছবির জন্য লোকেশনে ফিরছেন চলতি মাসেই।
মাস চারেক আগে ‘নবাব এলএলবি’র নামের সিনেমার ঘোষণা দেন পরিচালক অনন্য মামুন। তখন জানান, ঈদুল ফিতরে মুক্তি পাবে এই সিনেমা। কিন্তু করোনার কারণ শুটিং ফ্লোরে যেতে পারেননি শাকিব খান।
শুক্রবার ‘নবাব এলএলবি’র প্রযোজনা প্রতিষ্ঠান সেলিব্রিটি প্রডাকশন জানাল, সিনেমাটির শুটিং শুরু হবে ২০ আগস্ট।
এক ঘোষণায় বলা হয়, “সেলিব্রিটি প্রডাকশনের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা… শাকিব খানের ভক্তদের জন্য খুশির খবর হচ্ছে ২০ আগস্ট থেকে শুরু হবে ‘নবাব এলএলবি’র শুটিং।”
আরও বলা হয়, “ফাইট থেকে শুরু করে গান সবকিছুতে পাবেন আধুনিকতার ছোঁয়া… পরিবারকে নিয়ে সুস্থ থাকুন।”
এ ছবিতে শাকিবের সঙ্গে আরও থাকছেন মাহিয়া মাহি ও অর্চিতা স্পর্শিয়া। এর আগে ‘অগ্নি’ নায়িকার সঙ্গে শাকিবকে দেখে গেলেও স্পর্শিয়ার সঙ্গে এই প্রথম দেখা যাবে।
এ দিকে নিজের ফেইসবুক পেজে সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ঢালিউডের এক নম্বর নায়ক।