কভিড-১৯ প্রতিরোধ সংক্রান্ত কন্ট্যাক্ট ট্রেসিংয়ে গুরুত্বপূর্ণ তথ্য লুকানোর অভিযোগে দক্ষিণ কোরিয়ার খ্রিস্টান সম্প্রদায়ের এক প্রভাবশালী নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
লি ম্যান-হি নামের ওই ব্যক্তি শিনচিওনজি চার্চের প্রতিষ্ঠাতা। গার্ডিয়ান, রয়টার্সসহ একাধিক গণমাধ্যমে বলা হয়েছে, অনেকটা গোপনে গড়ে ওঠা এই চার্চে দক্ষিণ কোরিয়ার ৩৬ শতাংশ করোনা রোগী শনাক্ত হয়েছেন!
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, করোনার সংক্রমণ যখন বাড়ছিল, তখন ৮৯ বছর বয়সী লির পরামর্শে তার অনুসারীরা করোনার তথ্য গোপন করেন।
দক্ষিণ কোরিয়ায় এখন পর্যন্ত ১৪ হাজারের বেশি মানুষ কভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। এর মধ্যে লি’র অনুসারী ৫ হাজারের বেশি।
লিয়ের বিরুদ্ধে অর্থ আত্মসাতেরও অভিযোগ এনেছে দেশটির সরকার। পুলিশের দাবি, তিনি চার্চের ফান্ড থেকে ৪.৭ মিলিয়ন ডলার নিজের অ্যাকাউন্টে নিয়েছেন।
নতুন এই রোগটি নিয়ে তথ্য গোপন করার নজির বিভিন্ন দেশেই দেখা যাচ্ছে। তবে একসঙ্গে এত মানুষের এমন তথ্য লুকানোর কথা আগে জানা যায়নি।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের হিসাব অনুযায়ী, শনিবার সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত বিশ্বব্যাপী মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৭৮ লাখ ২ হাজার ৭৬৪ জন। সুস্থ হয়েছেন ১ কোটি ১১ লাখ ৯১ হাজার ৫৭২ জন। বিপরীতে মারা গেছেন ৬ লাখ ৮৩ হাজার ৯০১ জন।