টানা দুই হারে আসর শেষ করল চ্যাম্পিয়ন জুভেন্তাস

আগেই শিরোপা ঘরে তোলায় ম্যাচটিতে তেমন গুরুত্ব ছিল না। ছিলেন না তারকা খেলোয়াড়দের অনেকেই। খর্ব শক্তির দল নিয়ে রোমার বিপক্ষে হেরে করোনাবিঘ্নিত সেরি আ’র চলতি মৌসুম শেষ করল জুভেন্তাস।

তুরিনে নিজেদের আলিয়াঞ্জ স্টেডিয়ামে শনিবার রাতে রোমার কাছে ৩-১ গোলে হারে ইতালির শীর্ষ লিগে টানা নবমবার শিরোপা জেতা জুভেন্তাস। এর আগের ম্যাচেও কালিয়ারির মাঠে ২-০ গোলে হেরেছিল দলটি।

সব মিলিয়ে লিগে শেষ আট ম্যাচের মধ্যে মাওরিসিও সাররির দলের এটি চতুর্থ হার।

কালিয়ারির বিপক্ষে তারকা ফরোয়ার্ড রোনালদোকে রাখা হলেও রাখা হয়নি রোমার বিপক্ষে। আগামী শুক্রবার চ্যাম্পিয়নস লিগে লিওঁ ম্যাচকে সামনে রেখে পর্তুগিজ এই তারকাকে বিশ্রাম দেওয়া হয়। এছাড়া ঊরুর চোটে ভুগছেন আক্রমণভাগের আরেক তারকা খেলোয়াড় পাওলো দিবালা।

রোমার বিপক্ষে শুরুটা অবশ্য দারুণ করেছিল জুভেন্তাস। পঞ্চম মিনিটে দারুণ এক গোলে দলকে এগিয়ে নিয়েছিলেন আর্জেন্টাইন স্ট্রাইকার গনসালো হিগুয়াইন। কিন্তু ব্যবধানটা ধরে রাখা যায়নি।

ম্যাচের ২৩তম মিনিটে সমতা ফেরান রোমার ক্রোয়েশিয়ান স্ট্রাইকার নিকোলাস কালিনিচ। বিরতির ঠিক আগে আর্জেন্টাইন উইঙ্গার দিয়েগো পেরোত্তি পেনাল্টি থেকে গোল করে অতিথিদের ২-১ ব্যবধানে এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধের শুরুতেই তার আরও একটি গোলে শেষ পর্যন্ত বড় জয় নিয়ে মাঠ ছাড়ে রোমা।

বাকি সময়ে সুযোগ তৈরি করেও জালের দেখা পায়নি কোনো দলই। অ্যারন রামজির শট পোস্টে বাধা পায়। দারুণ সেভ দিয়ে ব্যবধান বাড়তে দেননি জুভেন্তাস গোলরক্ষক।

২৬ জয়, পাঁচ ড্র ও সাত হারে ৮৩ পয়েন্ট নিয়ে আসর শেষ করল জুভেন্তাস।

দিনের অপর ম্যাচে কালিয়ারিকে ৩-০ গোলে হারানো ইন্টার মিলান ৮২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। ইন্টার মিলানের বিপক্ষে ২-০ গোলে হারা আতালান্তার পয়েন্ট ৭৮। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে চারে লাৎসিও।