ছয় মাসে এক কোটি। এক মাসে প্রায় ৭০ লাখ! নভেল করোনাভাইরাস গত জুলাই মাসে এভাবে পৃথিবীজুড়ে ‘তাণ্ডব’ চালিয়েছে।
৩০ ডিসেম্বর থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আনুষ্ঠানিক হিসাব শুরু হওয়ার পর বিশ্বব্যাপী করোনা রোগীর সংখ্যা কোটি ছাড়ায় জুনের শেষ দিকে। এরপর শুধু জুলাই মাসেই ৬৯ লাখ ৪১ হাজার ৫২০ জন নতুন রোগটিতে পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন।
ডব্লিউএইচও’র দিনভিত্তিক হিসাব পর্যবেক্ষণ করলে দেখা যাচ্ছে, গত ১৬ দিনে করোনা বেশি ছড়িয়েছে। এই সময়ে প্রতিদিন দুই লাখের বেশি করে মানুষ কভিড-১৯ পজিটিভ হয়েছেন।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের হিসাব অনুযায়ী (রিয়েল টাইমে), রবিবার দুপুর ১২টা পর্যন্ত বিশ্বব্যাপী মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৮০ লাখ ২৫ হাজার ৮১২ জন। সুস্থ হয়েছেন ১ কোটি ১৩ লাখ ৩৩ হাজার ৩০৪ জন। বিপরীতে মারা গেছেন ৬ লাখ ৬৮ হাজার ৯৬১ জন।
আক্রান্ত ও মৃতের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ৪৭ লাখ ৬৪ হাজার ৩১৮ জন শনাক্ত হয়েছেন। মারা গেছেন ১ লাখ ৫৭ হাজার ৮৯৮ জন। বিপরীতে মোট সুস্থ হয়েছেন ২৩ লাখ ৬২ হাজার ৯০৩ জন।
ব্রাজিলে এখন পর্যন্ত মোট আক্রান্ত ২৭ লাখ ৮ হাজার ৮৭৬ জন। সুস্থ হয়েছেন ১৮ লাখ ৮৪ হাজার ৫১ জন। মারা গেছেন ৯৩ হাজার ৬১৬ জন।
তিন নম্বরে থাকা ভারতে প্রায় প্রতিদিন রোগী বাড়ছে। দেশটিতে মোট ১৭ লাখ ৫৪ হাজার ১১৭ জন কভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন, মৃত্যু ৩৭ হাজার ৪১৫ জনের।
রাশিয়ায় এখন পর্যন্ত ৮ লাখ ৪৫ হাজার ৪৪৩ জন রোগী শনাক্ত হয়েছেন। মারা গেছেন ১৪ হাজার ৫৮ জন।
পাঁচ নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকায় ৫ লাখ ৩ হাজার ২৯০ জন শনাক্ত হয়েছেন। দেশটিতে মারা গেছেন ৮ হাজার ১৫৩ জন।