ঈদুল আজহা উপলক্ষে কক্সবাজারের সেন্টমার্টিনে অসহায়দের মাঝে ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিবরণ করেছে বাংলাদেশ নৌবাহিনীর কমান্ডার বিএন ফ্লিট।
দেশের মূল জনপদ থেকে বিচ্ছিন্ন লোকচক্ষুর অন্তরালে থাকা উপকূলীয় সব জেলা এবং দ্বীপ এর মধ্যে অন্যতম সেন্টমার্টিন। সেখানকার মানুষের ভোগান্তি অনেকটা আড়ালেই থেকে যায়।
করোনাভাইরাসের কারণে সেখানকার বিপাকে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ নৌবাহিনী। বিএন ফ্লিট এর নির্দেশনায় কোরবানি ঈদের আগে আগে সেন্টমার্টিনে বিধবা, কর্মহীন, দুস্থ ও অসহায় মানুষের মাঝে উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণকৃত খাদ্য ও ঈদ উপহারের মধ্যে বস্ত্র, সেলাই মেশিনও অন্তর্ভুক্ত ছিল। নৌবাহিনীর এসব উপহার পেয়ে উচ্ছ্বাস ও কৃতজ্ঞতা প্রকাশ করেন বিধবা, কর্মহীন অসহায় ও দুস্থ মানুষগণ।
ঈদ উপহার ও খাদ্যসামগ্রী বিতরণের তত্ত্বাবধানে ছিলেন বানৌজা সমুদ্র অভিযানের অধিনায়ক কমান্ডার এ এফ এম আহসান উদ্দিন, বিএন।
এছাড়া নৌবাহিনী ফরোয়ার্ড বেস সেন্টমার্টিনের কন্টিনজেন্ট কমান্ডার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইউনিয়ন পরিষদ সদস্য ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সেন্টমার্টিন দ্বীপের জনগণের সেবায় বাংলাদেশ নৌবাহিনী সব সময়ই নানা ধরনের সহায়তা প্রদান করে আসছে । দ্বীপবাসীর যেকোনো বিপদে আপদে দুঃসময়ে বন্ধুর ন্যায় আবির্ভূত হয় বাংলাদেশ নৌবাহিনী।
কভিড-১৯ এর এই সংকট সময়ে ঈদের পূর্ব মুহূর্তে তাদের সহায়তা দ্বীপবাসীর মনে আনন্দের সঞ্চার করেছে। কর্মসূচি চলাকালীন সময়ে সকলকে সামাজিক দূরত্ব বজায় এবং মাস্ক পরিধান রেখে সর্বদা চলার জন্য অনুরোধ করা হয়।