করোনাভাইরাস মহামারিতে পর্যুদস্ত যুক্তরাষ্ট্র। আক্রান্তের সংখ্যা বাড়ার পাশাপাশি প্রতিদিনই দীর্ঘ হচ্ছে লাশের সারি। কভিড-১৯ সংক্রমণে দেশটি ‘নতুন ধাপে’ প্রবেশ করেছে বলে সতর্কতা উচ্চারণ করেছেন হোয়াইট হাউসের করোনা বিষয়ক উপদেষ্টা ডেবোরাহ রার্কস।
‘নতুন ধাপে’ যুক্তরাষ্ট্রের শহরগুলোর মতোই গ্রামাঞ্চলগুলোও হুমকিতে পড়তে পারে জানালেন হোয়াইট হাউসের করোনাভাইরাস সংক্রান্ত টাস্কফোর্সের প্রধান ডেরোবাহ।
সিএনএন’র ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ অনুষ্ঠানে তিনি বলেন, স্থানীয় পর্যায়ে ভাইরাস প্রশমন প্রক্রিয়া কাজ করছে। কিন্তু উদ্বেগের ব্যাপার, ‘এখনকার পরিস্থিতি মার্চ ও এপ্রিল থেকে আলাদা’।
“এটা ব্যাপকভাবে বিস্তৃত। গ্রাম এলাকায় সংক্রমণ পরিস্থিতি শহর এলাকার মতোই হতে পারে। তাই, যারা গ্রাম এলাকায় থাকেন তাদের বলছি, আমরাও এই ভাইরাস থেকে মুক্ত না। আমরা নতুন একটি ধাপে আছি।”
করোনা থেকে রক্ষা পেতে মাস্ক পরা, নিরাপদ দূরত্ব থেকে চলাফেরাসহ স্বাস্থ্য ও নিরাপত্তা বিধিগুলো অনুসরণ করে যাওয়াটা খুবই প্রয়োজনীয় বলে জানালেন ডেবোরাহ।
করোনাভাইরাস আক্রান্ত ও মৃত্যুতে অনেক আগে থেকেই শীর্ষে যুক্তরাষ্ট্র। ওয়ার্ল্ডো মিটারের হিসেব মতে, দেশটিতে ৪৮ লাখ ছাড়িয়ে গেছে, এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ৫৮ হাজার মানুষের।