বন্যায় ২ জনের মৃত্যুর পর মুম্বাইয়ে ‘রেড অ্যালার্ট’

সোমবারের রাতভর বৃষ্টিতে মুম্বাই শহরে বন্যা ভয়াবহ আকার ধারণ করেছে। দুজনের মৃত্যুর পর শহরজুড়ে রেড অ্যালার্ট জারি করেছে স্থানীয় প্রশাসন।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, আবহাওয়ার পূর্বাভাসের বিষয়ে সতর্ক করে শহরবাসীদের মঙ্গল এবং বুধবার ঘরে থাকতে বলা হয়েছে। ছুটি দেয়া হয়েছে সব সরকারি অফিস।

মহারাষ্ট্রের এ রাজধানীতে প্রায় দুই কোটি লোকের বাস। বন্যার কারণে বেশ কয়েকটি এলাকার রেললাইন ডুবে যাওয়ায় মুম্বাইয়ের ‘লাইফলাইন’ খ্যাত লোকাল ট্রেনের চলাচল বন্ধ রাখা হয়েছে।

মুম্বাই ছাড়াও সতর্কতা জারি হয়েছে মহারাষ্ট্রের থানে, পুনে, রাইগড় ও রত্নগিরি জেলায়।

প্রতিবছরই বন্যায় তলিয়ে যায় মুম্বাই। ময়লা আবর্জনা এবং নানা ধরনের জঞ্জালে ড্রেনেজ সিস্টেম ক্ষতিগ্রস্ত হওয়ায় বৃষ্টির পানি সরতে পারে না। এ কারণে তৈরি হয় জলাবদ্ধতা, বন্যা।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে গুরগাও, কিং সার্কেল, হিন্দমাতা, দাদার, শিবাজি চক, শেল কলোনি, কুরলা এসটি ডিপো, বান্দ্রা টকিজ, সিওন রোডসহ বিভিন্ন এলাকার রাস্তা পানিতে ডুবে গেছে।