শ্রীবরদীতে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

শেরপুরের শ্রীবরদীতে পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার উপজেলার পৃথকস্থানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- উপজেলার চাংপাড়া এলাকার মনির মিয়ার ছেলে মুসাফির (৬), নীলক্ষীয়া বাজারের আফাজ উদ্দিনের ছেলে সিয়াম (৭) ও একই এলাকার রাশেদ মিয়ার মেয়ে জান্নাত (৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে বাড়ির সবার অজান্তেই ওই তিন শিশু খেলা করছিল। এ সময় হঠাৎ করেই তারা পাশেই থাকা পুকুরের পানিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় তাদের পুকুর থেকে উদ্ধার করে। পরে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আমির হোসেন বলেন, আমরা পৃথকস্থানের তিনটি শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে পাই। তাঁরা সবাই ঘটনাস্থলেই মারা যায়।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রহুল আমিন তালুকদার বলেন, আমরা তিনজন শিশুর মৃত্যুর সংবাদ পেয়ে হাসপাতালে পুলিশ পাঠালে সেখানে গিয়ে একজনের মরদেহ পাওয়া যায়। অন্য দুজনের মরদেহ আমাদের না বলে বাড়িতে নিয়ে যায়।