ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের জন্য পাকিস্তান দল ঘোষণা

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের জন্য মঙ্গলবার ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বুধবার ওল্ড ট্রাফোর্ডে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি খেলতে নামবে ইংল্যান্ড ও পাকিস্তান। ইংল্যান্ড আগেই ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। ওয়েস্ট ইন্ডিজকে সদ্য ২-১ এ সিরিজ হারিয়েছে তারা। ক্যারিবীয়দের বিপক্ষে খেলা শেষ টেস্টের দলটার ধরে রেখেছে ইংলিশরা।

তিন ম্যাচের টেস্ট ও সমান সংখ্যক টি-টোয়েন্টি খেলতে ২৯ সদস্যের দল নিয়ে ইংল্যান্ড অবস্থান করছে পাকিস্তান। সেখান থেকেই প্রথম টেস্টের জন্য ১৬ জনের দল ঘোষণা করল তারা।

দলে জায়গা হয়নি অভিজ্ঞ ওয়াহাব রিয়াজের। পেসার হিসেবে দলে আছেন শাহীন আফ্রিদি, নাসিম শাহ এবং মোহাম্মদ আব্বাস। স্পিনার হিসেবে দলে রাখা হয়েছে ইয়াসির শাহ এবং শাদাব খানকে। উইকেটরক্ষক সরফরাজ আহমেদের সঙ্গে বিকল্প হিসেবে রাখা হয়েছে মোহাম্মদ রিজওয়ানকে।

পাকিস্তানের প্রধান কোচ ও প্রধান নির্বাচক মিসবাহ-উল-হক ইংলিশদের বিপক্ষে দুই স্পিনার খেলার সম্ভাবনা উড়িয়ে দেননি।

প্রথম টেস্টের জন্য ১৬ সদস্যের পাকিস্তান স্কোয়াড:

আজহার আলি (অধিনায়ক), বাবর আজম, আবিদ আলি, ইমাম-উল হক, ফাওয়াদ আলম, আসাদ শফিক, কাশিফ ভাট্টি, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), নাসিম শাহ, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), শাদাব খান, শান মাসুদ, শাহিন শাহ আফ্রিদি, সোহেল খান, ইয়াসির শাহ এবং মোহাম্মদ আব্বাস।

প্রথম টেস্টের জন্য ইংল্যান্ড দল:

জো রুট (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন, জোফরা আর্চার, ডমিনিক বেস, স্টুয়ার্ট ব্রড, রোরি বার্নস, জস বাটলার, জ্যাক ক্রলি, স্যাম কারেন, অলি পোপ, ডম সিবলি, বেন স্টোকস, ক্রিস উকস ও মার্ক উড।

রিজার্ভ: জেমস ব্রেসি, বেন ফোকস, ড্যান লরেন্স, জ্যাক লিচ।