নেইমার-মার্তিনেজ কাউকে কেনার সামর্থ্য নেই বার্সার

২০১৯-২০ মৌসুমে বার্সেলোনার শিরোপা জেতার সুযোগ আছে মাত্র ১টি, সেটি হলো চ্যাম্পিয়ন্স লিগ। দলের পারফরম্যান্স এমনিতেই খারাপ। এদিকে দলবদল নিয়েও প্রায়ই খবরে আসছে বার্সেলোনা। পিএসজি থেকে নেইমার বার্সায় ফিরবে নাকি ইন্তার থেকে লাউতারো মার্তিনেজ আসছেন? সেই প্রশ্নের জবাব বার্সার ক্লাব প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তামেউ নিজেই জানিয়ে দিলেন। স্প্যানিশ পত্রিকা স্পোর্তোকে দেওয়া এক সাক্ষাৎকারে বার্তোমেউ জানিয়েছেন, করোনার কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় এই গ্রীষ্মে নেইমার বা মার্তিনেজ কাউকেই দলে আনছে না বার্সা। পিএসজিও এখন চাইছে না নেইমারকে বিক্রি করতে।

করোনার কারণে মার্চ-জুন পর্যন্ত বার্সেলোনার আয় কমেছে ২০০ মিলিয়ন ইউরো।  আর্থিক ক্ষতির বিষয়টি তুলে বার্তোমেউ বলেন, ‘(করোনার) এই সময়ে ইউরোপের বড় বড় ক্লাব ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা শুধু এক বছর নয়, রেশটা থাকবে তিন-চার বছর। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে আর্থিক ক্ষতি হতেই থাকবে।’ নেইমারের ফেরা সম্পর্কে প্রশ্নের উত্তরে বার্তোমেউ বলেন, ‘নেইমার? এই পরিস্থিতিতে তাকে নেওয়া সম্ভব নয়। আর পিএসজিও তাকে বিক্রি করতে চায় না।’ ২০১৭ সালে ২২২ মিলিয়ন ইউরোতে বার্সেলোনা থেকে পিএসজিতে যান নেইমার। কিন্তু বার্সা অধিনায়ক লিওনেল মেসি যে নেইমারকে আবারও দলে চান তা অজানা নয় কারও। শুধু নেইমার নয় করোনার কারণে আর্জেন্টাইন ফরোয়ার্ড মার্তিনেজকেও আপাতত দলে ভেড়চ্ছে না বার্সা। মার্তিনেজের বিষয়ে ইন্তার মিলানের সঙ্গে কথা এগিয়ে রেখেছিল বার্সা। বার্তোমেউ বলেন, ‘ইন্তারের সঙ্গে লাউতারোর (মার্তিনেজ) বিষয়েও আমরা কথা বলেছি। কিন্তু সেই আলোচনা এখন বন্ধ। এই পরিস্থিতি বড় ধরনের বিনিয়োগের ক্ষেত্রে সহায়ক নয়।’

ক্লাবের অর্থনৈতিক বিষয় নিয়ে চিন্তিত বার্সা প্রেসিডেন্ট। ২০২০-২১ মৌসুমেও যে করোনার প্রভাব পড়বে ক্লাবটিতে তা ভালোই জানা আছে বার্তোমেউয়ের। তিনি বলেন, ‘২০২০-২১ মৌসুমে আমাদের প্রত্যাশা ১.১ বিলিয়ন ইউরোর। কিন্তু ৩০ শতাংশ কম পাব।’ ৮ আগস্ট ন্যু ক্যাম্পে চ্যাম্পিয়ন্স লিগের প্রি-কোয়ার্টারের দ্বিতীয় লেগে নাপোলির মুখোমুখি হবে বার্সা। নাপোলির মাঠে প্রথম লেগ ১-১ গোলে ড্র হয়।

লা লিগা শিরোপা হারানোর পর দলের সমালোচনা করেছিলেন মেসি। বলতে গেলে তিনি একাই টানছেন দলকে। তবে বর্তমান স্কোয়াডকে ভালোই বলছেন বার্তোমেউ। তার মতে অভিজ্ঞদের সঙ্গে তরুণদের মিলিয়ে দল গঠন করতে হবে। তাই বার্সা বি দল থেকে আগামী মৌসুমেও দেখা যেতে পারে আনসু ফাতির মতো কিছু নতুন মুখ।