ব্যক্তিগত জীবন, রাজনীতি, ধর্ম, বলিউডে স্বজনপ্রীতি এবং সর্বশেষ সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা মোটামুটি মিডিয়ার নজর কাড়তে সবকিছুতেই সরব বলি অভিনেত্রী কঙ্গনা রানাউত। এবার নিজ বাড়ির আঙিনায় গুলির ঘটনায় ফের সংবাদের শিরোনাম তিনি। কঙ্গনা বলেন, ‘শুক্রবার রাত ঠিক সাড়ে ১১টা নাগাদ আমি শোয়ার ঘরে ছিলাম। তিনতলা বাড়ির বাইরে আচমকা একটা শব্দ পাই। প্রথমে মনে করি বাজি ফাটছে। মানালিতে এখন কোনো পর্যটক নেই। তাই বাজি ফাটার কথাও নয়।’
তিনি বলেন, ‘তারপর আরেকটা শব্দ পাই। তখনই বুঝতে পারি এটা গুলির শব্দ। তড়িঘড়ি নিরাপত্তারক্ষীর কাছে যাই। তিনি জানান কোনো শিশু হয়তো এ কাজ করেছে। কিন্তু আমরা পাঁচজন বুঝতে পারি এটা গুলির শব্দ। নিরাপত্তারক্ষী হয়তো কোনো কারণে তা বুঝতে পারেননি।
পরে নিরাপত্তার স্বার্থে কুল্লু থানায় অভিযোগ জানানো হয়। ডিএসপি পদমর্যাদা এক কর্মকর্তার নেতৃত্বে পুলিশের বিশাল বহর যায় কঙ্গনার বাড়িতে। তবে তদন্তকারীদের নজরে সন্দেহজনক কিছু আসেনি।
শুক্রবার রাতে এলাকায় আসা বহিরাগতদের গাড়ির তথ্য খতিয়ে দেখছে পুলিশ। জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রীর বাড়িতে নিরাপত্তার স্বার্থে সব সময়ের জন্য পুলিশ নিয়োগ করা হয়েছে। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর দপ্তরেও রিপোর্ট পাঠানো হয়েছে। কে বা কারা অভিনেত্রীর বাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। তবে কঙ্গনার ধারণা, সুশান্তের মৃত্যুর পর সরব হওয়ার জেরে তাকে কেউ ভয় দেখানোর জন্য এ কাজ করেছে।