অস্ত্রের মুখে সাংবাদিকের বাইক ছিনতাই

জয়পুরহাটের আক্কেলপুরে অস্ত্রের মুখে সাংবাদিকের মোটরসাইকেল ছিনতাই করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে আক্কেলপুর-জয়পুরহাট সড়কের কেসের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার বিবরণে জানা যায়, জয়যাত্রা টেলিভিশনের জয়পুরহাট প্রতিনিধি সুলতান মাহমুদ ও তার সহকর্মী রুহুল আমিন সংবাদ সংগ্রহের কাজে মোটসাইকেল নিয়ে বৃহস্পতিবার বিকেলে আক্কেলপুর উপজেলার তিলকপুর হাটে যান। সেখান থেকে সন্ধ্যায় প্রয়োজনীয় কাজে আক্কেলপুর থানায় আসেন এবং ওসির সঙ্গে সাক্ষাৎ শেষে রাত ৮টার পর জয়পুরহাটের উদ্দেশে যাওয়ার পথে কেসের মোড় এলাকায় সাত-আটজনের একদল দুর্বৃত্ত চাকু, রামদা ও লাঠি নিয়ে সাংবাদিক সুলতান ও রুহুলের পথ রোধ করে। পরে তাদের কিল-ঘুসি মেরে মোটরসাইকেলটি ছিনিয়ে নেয়।

আক্কেলপুর থানার ওসি আবদুল লতিফ খান বলেন, ছিনতাইকারীদের ধরতে কাজ চলছে।