লিওনার্দো ডিক্যাপ্রিওর সংস্থা আপ্পিয়ান ওয়ে’র সঙ্গে চুক্তিবদ্ধ হলো অ্যাপল+ টিভি। এ হলিউড তারকার প্রযোজনা সংস্থার অধীনে যে সব ছবি, সিরিজ ও টেলিভিশন প্রজেক্ট তৈরি হবে তাতে সহযোগী প্রযোজক হিসেবে থাকবে স্ট্রিমিং প্ল্যাটফর্মটি। এক্সক্লুসিভ রাইটসও অ্যাপলেরই।
গত এক বছরের মধ্যে অ্যাপল টিভি বেশ জনপ্রিয় হয়েছে। ৭২তম এমি অ্যাওয়ার্ডসেও তাদের প্রযোজিত সাতটি শো মনোনয়ন পেয়েছে।
জানা গেছে, মার্টিন স্করসেজির প্রযোজনায় ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’ এই চুক্তির অধীনেই তৈরি হচ্ছে। ছবিতে লিওনার্দো ছাড়াও রয়েছেন রবার্ট ডি নিরো। স্করসেজির ছবিটির বাজেট এতটাই বেশি ছিল যে, হলিউডের প্রথম সারির অনেক প্রযোজনা সংস্থাই পিছিয়ে আসে। তার পর অ্যাপলের সঙ্গে যোগাযোগ করেন পরিচালক।
লিওনার্দোর প্রযোজনা সংস্থা এর আগে দ্য রেভেন্যান্ট, দ্য উলফ অব ওয়াল স্ট্রিট, শাটার আইল্যান্ড-এর মতো ছবির নির্মাণে যুক্ত ছিল। অ্যাপলের সঙ্গে লিওর এই চুক্তির মধ্যে আর একটি উল্লেখযোগ্য প্রজেক্ট হলো ‘শাইনিং গার্লস’। এই থ্রিলার সিরিজের প্রধান চরিত্রে রয়েছেন এলিজাবেথ মস।
২০১৫ ও ২০১৭ সালে যথাক্রমে ‘দ্য ডেভিল ইন দ্য হোয়াইট সিটি’ ও ‘দ্য ব্ল্যাক হ্যান্ড’ উপন্যাস অবলম্বনে লিওনার্দোর অভিনয়ের ঘোষণা আসে। এ ছাড়া চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চি ও প্রেসিডেন্ট থিওডর রুজভেল্টের বায়োপিকে অভিনয়ের কথা রয়েছে। এখন দেখার বিষয়, এই প্রজেক্টগুলো বাস্তবায়িত হয় কি-না!
এ দিকে শোনা যাচ্ছে, প্রেমিকা ক্যামিলা মোরনকে বিয়ে করতে যাচ্ছেন লিওনার্দো। তারা বাগদানও সেরে ফেলেছেন। তবে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।