সেতুতে আশ্রয় নেওয়া বন্যাকবলিত ৭০ পরিবারকে আর্থিক সহায়তা

টাঙ্গাইলের মির্জাপুরে বন্যার কারণে সেতুতে আশ্রয় নেওয়া ৭০ দরিদ্র পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ লিটন।

বুধবার দুপুরে আবুল কালাম আজাদ লিটনের পক্ষ থেকে প্রতি পরিবারকে নগদ ৫০০ টাকা করে ৩৫ হাজার টাকা বিতরণ করেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলম মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর আফরোজা আলম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি হাজী আবুল হোসেন, মির্জাপুর প্রেস ক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক মো. এরশাদ মিঞা, আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাদ্দাম খান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সিয়াম, ছাত্রলীগ নেতা টুটুল চৌধুরী প্রমুখ।

উপজেলা সদরে পুষ্টকামুরী পূর্বপাড়া (সওদাগরপাড়া) বন্যার পানিতে অধিকাংশ বাড়িঘর নিমজ্জিত হয়ে গেছে। এতে ওই পাড়ার অন্তত ৭০টি পরিবার বংশাই নদীর ওপর নির্মিত একাব্বর হোসেন সেতুতে আশ্রয় নিয়েছে।

আশ্রয় নেওয়া মানুষগুলো প্রায় দুই সপ্তাহ ধরে সেখানে পলিথিনের ছাউনি দিয়ে বসবাস করছেন।

গত ৩১ জুলাই মির্জাপুরে সেতুর ওপর পলিথিনের ছাউনিতে ঈদ কাটবে ৭০ পরিবারের শিরোনামে দেশ রূপান্তর অনলাইনে একটি সচিত্র সংকবাদ প্রকাশিত হয়। সংবাদটি নজরে আসে আওয়ামী লীগ হংকং শাখার সভাপতি এবং মির্জাপুর উপজেলা শাখার সহসভাপতি আবুল কালাম আজাদ লিটনের। তিনি ওই ৭০টি পরিবারের প্রতি পরিবারকে নগদ ৫০০ টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা দেন।

বুধবার তার পক্ষ থেকে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বংশাই নদীর ওপর নির্মিত একাব্বর হোসেন সেতুতে আশ্রয় নেওয়া ৭০ পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করেন।