ক্লপ-গার্দিওলাকে পেছনে ফেলে সেরা কোচ জিদান

জিনেদিন জিদানকে বিশ্বের সেরা ক্লাব কোচ হিসেবে বেছে নিল ফ্রান্সের বিখ্যাত ক্রীড়া দৈনিক ‘লেকিপ’। লিভারপুল বস ইয়ুর্গেন ক্লপ ও ম্যানচেস্টার সিটির ম্যানেজার পেপ গার্দিওয়ালাকে পেছনে ফেলে সেরা হয়েছেন জিদান।

‘লেকিপ’ যে তালিকা করেছে তাতে অবশ্য প্রথম তিন স্থান দখল করেছেন যথাক্রমে জিদান, ক্লপ ও গার্দিওলা। যেখানে ৫৭ শতাংশ ভোট পেয়ে সেরা হয়েছেন জিদান।

সোমবার ফ্রান্সের এই ক্রীড়া সংবাদপত্রে প্রকাশিত হয় ক্লাব কোচদের ক্রমতালিকা। সেখানে সদ্য লা লিগা জয়ী রিয়াল মাদ্রিদ কোচ জিদান সম্পর্কে বলা হয়েছে, ‘এমন এক কোচ যিনি এক ক্লাবেই কোচিং করিয়েছেন এবং খুব কম হারের সম্মুখীন হয়েছেন। জিদান এমন এক কীর্তি তৈরি করেছেন, যা তার আগের কোনো কোচই করতে পারেননি। ২০১৬, ২০১৭, ২০১৮ পরপর তিনবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। নিজের পুরোনো গৌরবের দিনেই কোচ হিসেবে ফিরে গিয়েছেন। সদ্য লা লিগাও জিতেছেন।’

এক সময় গার্দিওলার প্রতিদ্বন্দ্বী ম্যানেজার হোসে মরিনহো সম্পর্কে লেকিপের মত, আগের জাদু হারিয়ে ফেলেছেন পর্তুগিজ কোচ।