হত্যা মামলার বাদীকে অপহরণ

কামারখন্দ উপজেলা ছাত্রলীগের সভাপতি সম্পাদক গ্রেপ্তার

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা ছাত্রলীগের সভাপতি পাভেল পারভেজ (২৮) ও সাধারণ সম্পাদক মামুন হোসেনকে (২৬) পুলিশ গত মঙ্গলবার রাতে গ্রেপ্তার করেছে। সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সহসম্পাদক এনামুল হক বিজয় হত্যা মামলার বাদী নিহতর ভাই রুবেলকে অপহরণ মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।

রুবেল আহম্মেদকে (৩০) অপহরণের ঘটনায় গত মঙ্গলবার বিকেলে তার বাবা আবদুল কাদের বাদী হয়ে কামারখন্দ থানায় একটি মামলা করেন। এতে গ্রেপ্তার এ দুজনসহ ছয়জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ছয়জন মিলে মোট ১২ জনকে আসামি করা হয়। মামলার পর পুলিশ রাতেই এ দুজনকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে কামারখন্দ থানার ওসি রফিকুল ইসলাম বলেন, গত রবিবার সকালের দিকে কামারখন্দ বাজার থেকে বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্ত রুবেলকে অপহরণ করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এরপর এ দিন বিকেলে বগুড়ার শাজাহানপুরের একটি সড়কের পাশে তাকে অচেতন অবস্থায় এলাকাবাসী পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে।

ওসি বলেন, এ ঘটনায় রুবেলের বাবা আবদুল কাদের কামারখন্দ থানায় লিখিত অভিযোগ দিতে আসার সময় গ্রেপ্তার হওয়া ওই দুই ছাত্রলীগ নেতা ও তাদের কিছু সমর্থক তার পিছু নেয়। এ সময় পুলিশ এগিয়ে গেলে তারা পুলিশের ওপর হামলা চালায়। এতে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে পুলিশ এ দুজনকে গ্রেপ্তার করে।