শ্রীলঙ্কাকে নিরাপদ দেশ ভাবা হচ্ছে বলে সেখানে দল পাঠাতে আগ্রহ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। সে না হয় হলো একটা। কিন্তু বছরের বাকিটা সময়? বাংলাদেশে করোনা পরিস্থিতি যা তাতে এখানে কবে আন্তর্জাতিক ক্রিকেট খেলা যাবে তা নিয়ে ভীষণ সংশয়। তাই নিরাপদ কোনো দেশে ক্রিকেট খেলার পথ খুঁজছে বিসিবি।
‘প্রধান নির্বাহী (নিজামউদ্দিন চৌধুরী) এরই মধ্যে বলেছেন, আমরা কয়েকটি দেশের সঙ্গে যোগযোগ করছি। যেসব দেশে খেলা নিরাপদ সেখানে আমরা খেলতে যেতে চাচ্ছি।’ গতকাল বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ‘কথাবার্তা চলছে। করোনার প্রকোপ কম কিংবা নেই বললেই চলে সেসব দেশে আমরা খেলতে যেতে পারি কি না সেসব নিয়ে আলোচনা চলছে।’
টি-টোয়েন্টি বিশ্বকাপ বাতিল হওয়ায় এই বছরের শেষে জাতীয় দলের যা কিছু খেলার সম্ভাবনা ছিল তার সব গেছে মুছে। এখন খেলার জন্য অন্য পথ খুঁজতে হচ্ছে। নিউজিল্যান্ডে করোনাভাইরাস মহামারীর প্রকোপ একেবারে কম। তাই ওই দেশটিও আছে বিসিবির ভাবনায়, ‘বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে নিউজিল্যান্ডে একটা টি-টোয়েন্টি সিরিজের সøট ছিল। এ বছরই যদি কোনো সুযোগ পাই নয়তো পরে বা আগে যদি সুযোগ আসে তাহলে আমরা যাব খেলতে।’