কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীতে তলিয়ে যাওয়া মো. মাকমুদুল ইসলাম (১৮) নামের যুবকের সন্ধান পাওয়া যায়নি তিন দিনেও।
মঙ্গলবার বিকেল ৬টার দিকে ভৈরবের ত্রিসেতু এলাকার কাছে মেঘনা নদীতে গোসল করতে নেমে তিনি নিখোঁজ হন। সর্বশেষ তথ্য অনুযায়ী আজ বৃহস্পতিবার দুপুরে এই রিপোর্ট লেখা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ যুবক মো. মাকমুদুল ইসলাম নরসিংদীর মনোহরদী উপজেলার চকমাধবদী গ্রামের আব্দুল কাদিরের ছেলে।
নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার বিকেলে বন্ধুদের সঙ্গে ভৈরবের মেঘনা নদীর তীরে বেড়াতে আসেন মাকমুদুল। সন্ধ্যার আগে তারা মেঘনা নদীতে গোসল করতে নামেন। নদীতে সাঁতার কাটতে গিয়ে একপর্যায়ে মাকমুদুল পানির স্রোতে ভেসে যায়। সাথে থাকা বন্ধুদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলেও তাকে উদ্ধার করা যায়নি। মেঘনার গভীর পানিতে তলিয়ে যায় মাকমুদুল।
ভৈরব ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা পানিতে নেমে গভীর রাত পর্যন্ত চেষ্টা করেও তার সন্ধান পায়নি।
ভৈরব নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম খান জানান, ঈদের আনন্দ করতে মেঘনা পাড়ে প্রতিদিন হাজারও দর্শনার্থী উপস্থিত হয়। তারাও ৬ বন্ধু নরসিংদীর মনোহরদী থেকে এখানে আসেন এবং নদীতে গোসলে নেমে এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর থেকে আমরা তার সন্ধানে নদীর বিভিন্ন পয়েন্টে খোঁজ করছি। নিখোঁজ যুবকের লাশ উদ্ধার না হওয়া পর্যন্ত আমাদের উদ্ধার কাজ অব্যাহত থাকবে।