সুশান্তর টাকা তছরুপ: রিয়াকে জিজ্ঞাসাবাদের সমন

সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার মামলা একাধিক ডালপালা ছাড়িয়েছে। তার সূত্র ধরে রিয়া চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। শুক্রবার সকাল ১১টার মধ্যে সংস্থাটির দপ্তরে হাজিরা দিতে হবে অভিনেত্রীকে।

সম্প্রতি এক এফআরআই-এ অন্য অভিযোগের পাশাপাশি রিয়ার বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ এনেছেন সুশান্তর বাবা কে কে সিং রাজপুত। অভিনেতার অ্যাকাউন্ট থেকে রিয়া প্রায় ১৫ কোটি রুপি সরিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।

সেই অভিযোগ খতিয়ে দেখার পর ইডি’র পক্ষ থেকে আর্থিক তছরুপের মামলা দায়ের করা হয়। তারই পরিপ্রেক্ষিতে রিয়াকে জিজ্ঞাসাবাদ করা হবে। এ ছাড়া সুশান্তর একটি কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরেট পদে আছেন রিয়া ও তার ভাই শৌমিক চক্রবর্তী। ওই সংস্থার আর্থিক লেনদেনও খতিয়ে দেখছে ইডি।

এই মামলায় ইতিমধ্যেই রিয়া চক্রবর্তীর সহযোগী স্যামুয়েল মিরান্ডাকে ইডি জিজ্ঞাসাবাদ করেছে। সোমবার সুশান্তর চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট সন্দীপ শ্রীধর এবং মঙ্গলবার রিয়ার চ্যাটার্ড অ্যাকাউন্টেন্ট রীতেশ শাহকে জিজ্ঞাসাবাদ করা হয়।

জানা গেছে, সম্প্রতি মুম্বাইয়ে দুটি বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন রিয়া। এই সম্পত্তির জন্য রিয়ার আর্থিক লেনদেন খতিয়ে দেখছে ইডি।

এ দিকে বুধবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে সুশান্তর মৃত্যু তদন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে কেন্দ্র। আর তার কিছুক্ষণের মধ্যেই রিয়াকে আরও একটি কেন্দ্রীয় সংস্থা ইডি’র তরফে সমন পাঠানো হয়।