পঞ্চগড়ে নতুন করে আরও ১৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
আক্রান্তদের মধ্যে ৩ জন নারী ও ১৩ জন পুরুষ। আক্রান্তরা হলেন সদর উপজেলার ১১ জন ও আটোয়ারী উপজেলার ৫ জন।
এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬১ জনে। বৃহস্পতিবার সকালে ১৬ জন করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. মো. ফজলুর রহমান।
জেলা স্বাস্থ্য বিভাগের সূত্রে জানা যায়, আক্রান্তদের মধ্যে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের এক চিকিৎসক, ৪ কর্মী, সিভিল সার্জন অফিসের ২ কর্মকর্তা, জেলা প্রশাসকের কার্যালয়ের ২ কর্মকর্তা গতকাল করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া কৃষকসহ ১৬ জনের করোনা পজিটিভ এসেছে। তাদের বয়স ২৮ বছর হতে ৬২ বছরের মধ্যে।
আক্রান্তরা সবাই সুস্থ আছে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। তাদের কারো হালকা জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট আছে। তবে কারো ক্ষেত্রে তা বড় আকারের জটিল কিছু নয়।
গত ৩ আগস্ট তাদের নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানোর পর ০৫ আগস্ট তাদের করোনা পজিটিভ আসে।
সিভিল সার্জন ডা. মো. ফজলুর রহমান জানান, এ পর্যন্ত ২৯২৪ জনের নমুনা সংগ্রহ করার পর ২৮৮৭ জনের রিপোর্ট এসেছে তার মধ্যে ৩৬১ জনের করোনা পজিটিভ এসেছে। জেলার ৩৬১ জন আক্রান্তের মধ্যে তেঁতুলিয়ায় ৩১ জন, সদরে ১৪৭ জন, আটোয়ারীতে ৪৬ জন, বোদায় ৫৫ জন এবং দেবীগঞ্জে ৮২ জন।
ইতিমধ্যে জেলার ৫ উপজেলায় ২৪২ জন করোনা থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।
এদিকে জেলার ৫ উপজেলায় ৮ জন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন এবং ৭ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।