কাঁঠালবাড়ি ঘাটে রাজধানীমুখী মানুষের ঢল

ঈদ শেষে কাঁঠালবাড়ি ঘাটে রাজধানীমুখী যাত্রীদের ভিড় বাড়তে শুরু করেছে। বৃহস্পতিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কর্মস্থলমুখো যাত্রীদের ঢল নেমেছে এ ঘাটে।

বৈরী আবহাওয়া ও পদ্মায় প্রচণ্ড ঢেউ আর  স্রোত থাকায় নৌযান চলাচলে বিঘ্ন হচ্ছে। সকাল ৯টা পর্যন্ত লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ থাকলেও এরপর থেকে কয়েকটি লঞ্চ বন্ধ রেখে বাকি লঞ্চ চলাচল করছে। এদিকে এ রুটে তীব্র স্রোতের কারণে ১৭ টি ফেরির মধ্যে মাত্র ৭টি চলছে।

কাঁঠালবাড়ি ঘাট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কর্মস্থলমুখো যাত্রীদের ঢল নেমেছে কাঁঠালবাড়ি ঘাটে। লঞ্চ, স্পিডবোট ও ফেরি সব জায়গায় যাত্রীদের ভিড় রয়েছে। পদ্মায় তীব্র স্রোতের কারণে ছোট ৯ টি লঞ্চ বন্ধ রাখা হয়। পরে সকাল ৯টার পর থেকে ৭৮টি লঞ্চ চলাচল করছে। স্পিডবোটও সতর্কতার সঙ্গে চলাচল করছে। ফেরিতে ব্যক্তিগত পরিবহন ও মোটরসাইকেল বেশি পারাপার হচ্ছে। তবে বিকল্প চ্যানেলের ভাটিতে পালেরচর হয়ে ফেরিগুলো ধারণক্ষমতার চেয়ে কম যানবাহন নিয়ে কোনোমতে চলছে। এতে ফেরি পারাপারে সময় বেশি লাগছে।

এই ঈদেও যাত্রী নিরাপত্তা নিশ্চিতে ঘাট এলাকায় পুলিশ, র‌্যাব, ফায়ার সার্ভিস, নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে। বিআইডব্লিউটিএর একাধিক টিম ঘাটে অবস্থান করছে।

কাঁঠালবাড়ি ঘাটের বিআইডব্লিউটিএর ট্রাফিক ইন্সপেক্টর মো. আক্তার হোসেন জানান, ঈদ শেষে যাত্রীদের নির্বিঘ্নে কর্মস্থলে ফেরা নিশ্চিত করতে ঘাট এলাকায় পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে। প্রতিটি নৌযান ও যানবাহনে স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। কোন অবস্থাতেই লঞ্চে অতিরিক্ত যাত্রী উঠতে দেওয়া হবে না।