জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহদাৎ বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত ফরিদপুর জেলা আওয়ামী লীগের বিশেষ সভায় বক্তরা দলের সকল সহযোগি সংগঠনকে শোকের মাসে সকল কর্মসূচি ঐক্যবন্ধভাবে পালনের আহ্বান জানানো হয়।
বৃহস্পতিবার বিকালে ফরিদপুর জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ সভার সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা।
গত ৭ জুন থেকে এ পর্যন্ত জেলা পুলিশের বিশেষ অভিযানে (জেলা আওয়ামী লীগ সভাপতি’র বাসভবনে হামলা মামলায়) গ্রেপ্তার হন শহর আওয়ামী লীগের সভাপতি নাজমুল ইসলাম খন্দকার লেভি, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকতসহ দলটির বিভিন্ন পর্যায়ের ১৬ নেতাকর্মী। এরপর থেকে দলটির নেতাকর্মীদের মাঝে গ্রেপ্তার আতংক দেখা দেয়।
আগামী ১৫ আগষ্টের দলীয় কর্মসূচি পালন উপলক্ষে বিশেষ সভায় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, সহ-সভাপতি মো. শামিম হক, মহিলা আওয়ামী লীগের আইভি মাসুদ, যুগ্ম সম্পাদক মাসুদুল হক, সাংগনিক সম্পাদক মাহবুবুল আলম জিন্না, দপ্তর সম্পাদক অনিমেষ রায়, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা প্রমুখ।
সভায় বক্তরা বলেন, উদ্ভুত এই পরিস্থিতে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যারা ব্যক্তিগত কর্মকান্ডের কারণে মামলায় জড়িয়েছেন দল তাদের কোনো দায়িত্ব নিবে না। তাদের কারণেই দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। অচিরেই তাদের দল থেকে বহিস্কারের দাবি তোলেন বেশ কয়েকজন নেতা।
সভায় সিদ্ধান্ত হয়, শোকের মাস ও ১৫ আগস্ট উপলক্ষে বন্যার্তদের জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে খাদ্য সহায়তা দেওয়া হবে। এছাড়াও ১৫ আগষ্টে জেলার বিভিন্ন মসজিদ-মন্দির ও গির্জায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। জেলার সকল দলীয় কার্যালয়ে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হবে।