সদ্য হজ সমাপ্তকারীদের বাড়ি ফেরার পর কোয়ারেন্টাইন নিশ্চিত করতে বেশ তৎপর সৌদি আরব। সৌদির হজ ও ওমরা বিভাগ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আরবনিউজে প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, হাজিদের হাতে থাকা ব্রেসলেট ও অ্যাপের সাহায্যে তা নিশ্চিত করা হবে।
সৌদি গণমাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলা হয়, হজের শেষ দিন পর্যন্ত হাজিদের কেউ করোনাভাইরাইসে আক্রান্ত হননি।
এবারের সীমিত হজে অংশগ্রহণকারীদের জন্য হজের শুরু হওয়ার আগে ও সমাপ্ত হওয়ার পর কোয়ারেনটাইন বাধ্যতামূলক করা হয়। হজের আগে মোট ১৪ দিন ও শেষ হওয়ার বাড়িতে ১৪ দিন কোয়ারেন্টাইন নিশ্চিত করা হবে বলেও জানায় সৌদি সংবাদমাধ্যম।
সৌদি সরকারের হজ ও ওমরাহ কর্তৃপক্ষ হাজিদের হাতে থাকা ব্রেসলেটের সাহায্যে হাজিদের কোয়ারেন্টাইন নিশ্চিত করবে। এছাড়া ‘তাতমাইন্ন’ (সুস্থ-নিশ্চিন্ত থাকুন) অ্যাপের সাহায্যে সব সময় নিরীক্ষণ করা হবে হাজিদের স্বাস্থ্যের অবস্থা। করোনাভাইরাসরোধে কর্তৃপক্ষের নির্দেশনা মতে হজের শুরুতে ব্রেসলেটের সাহায্যে সব হাজির কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে।
সৌদি আরবে ইতিমধ্যে কভিড-১৯ এ আক্রান্তের হার কমতে শুরু করেছে। গতকাল সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১২৫৮ জন। এখন পর্যন্ত সৌদি আরবে মোট আক্রান্ত হয়েছেন, দুই লাখ ৮০ হাজার ৯৩ জন। ইতিমধ্যে সুস্থ হয়েছেন দুই লাখ ৪২ হাজার ৫৩ জন।
উল্লেখ্য, সৌদি আরবে করোনা আক্রান্তের হার আগের চেয়ে কমে আসছে। ইতিমধ্যে শতকরা ৮৫ ভাগ রোগী সুস্থ হয়ে ফিরেছে। করোনারোধে সৌদি আরব অনুসরণ করছে কঠোর স্বাস্থ্যবিধি। সবার মধ্যে সামাজিক দূরত্ব, হাত ধৌত করা, জনসমাগম পরিহার ও মাস্ক পরাকে বাধ্যতামূলক করেছে।