বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও বরগুনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শওকত হাচানুর রহমান রিমনের বিরুদ্ধে অশ্লীল গালিগালাজের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক হোসনেয়ারা রানী।
গতকাল বৃহস্পতিবার দুপুরে বরগুনা প্রেস ক্লাব মিলনায়তনে তিনি এ সংবাদ সম্মেলন করেন। এ সময় তিনি পুরো ঘটনার তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ঈদুল আজহার রাতে পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিলকে এমপি রিমন ফোন করে অশ্লীল গালিগালাজ ও মারধরের হুমকি দেন।
তিনি আরও বলেন, সাংসদ রিমন এলাকার আওয়ামী লীগ কর্মীদের সঙ্গে বিরূপ আচরণ ও ত্যাগী নেতাদের দূরে সরিয়ে একদল সুযোগসন্ধানী লোকজন নিয়ে চলাফেরা করেন। তার গালিগালাজের একটি অডিও রেকর্ড ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
এ বিষয়ে সাংসদ শওকত হাচানুর রহমান রিমনের সঙ্গে যোগাযোগ করা হলে ইব্রাহিম খলিলকে গালিগালাজের বিষয়টি স্বীকার করে বলেন, সরকারি জমিতে ঘর নির্মাণ করতে গেলে সাংসদ হিসেবে বাধা দিয়েছি।