দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু হতেই দেশ পালানো স্পেনের সাবেক রাজা হুয়ান কার্লোস সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবিতে অবস্থান করছেন বলে জানা গেছে।
এ ব্যাপারে শুক্রবার স্পেনের এবিসি নিউজের একটি অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, সাবেক রাজা কার্লোস আবু ধাবির বিলাসবহুল হোটেল এমিরেটস প্যালেসে অবস্থান করছেন।
সৌদি আরবে একটি দ্রুত গতির রেল প্রকল্প নির্মাণের চুক্তিতে হুয়ান কার্লোসের বিরুদ্ধে গত জুন মাসে ওঠা দুর্নীতি অভিযোগ সম্প্রতি তদন্ত করার নির্দেশ দিয়েছিল স্পেনের সুপ্রিম কোর্ট। তদন্তকাজ শুরু হতেই গত সোমবার ব্যক্তিগত জেটে করে দেশ ছাড়েন তিনি।
কার্লোস দেশ ছেড়ে যাওয়ার সিদ্ধান্তটি এক চিঠির মাধ্যমে তার ছেলে বর্তমান রাজা ফিলিপেকে জানিয়েছিলেন। ছয় বছর আগে ছেলের কাছে ক্ষমতা হস্তান্তর করেন তিনি। তবে দেশ ছাড়ার আগে গন্তব্যের কথা জানিয়ে যাননি ৮২ বছর বয়সী কার্লোস।
এবিসি’র প্রতিবেদনে বলা হয়েছে, একটি ব্যক্তিগত বিমান প্যারিস থেকে ছেড়ে স্পেনের উত্তর-পশ্চিম শহর ভিগো থেকে সোমবার সকালে কার্লোসকে নিয়ে আরব আমিরাতের উদ্দেশ্যে উড়াল দেয়। সঙ্গে ছিল চারজন নিরাপত্তাকর্মী ও অপর একজন ব্যক্তি।
আবু ধাবিতে পৌঁছার পর স্পেনের সাবেক রাজা ও তার বহরকে হেলিকপ্টারে করে সরকারি মালিকানাধীন হোটেল এমিরেটস প্যালেসে নিয়ে যাওয়া হয়। তবে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি সংযুক্ত আরব আমিরাতের কর্মকর্তা ও এমিরেটস প্যালেস হোটেল কর্তৃপক্ষ।
প্যালেসের একজন মুখপাত্র জানান, কার্লোস কোথায় আছেন তিনি জানেন না। স্পেনের সাবেক রাজার আইনজীবীও এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি।
স্পেন ও আরব আমিরাতের মধ্যে বন্দিবিনিময় চুক্তি রয়েছে। ২০১০ সালে রাজা থাকার সময় নিজেই এই চুক্তিতে সই করেছিলেন কার্লোস।
উল্লেখ্য, ১৯৭৫ সালে স্পেনের স্বৈরশাসক জেনারেল ফ্রাঙ্কোর মৃত্যুর পর দেশটিকে গণতন্ত্রের পথে নিয়ে আসার ক্ষেত্রে হুয়ান কার্লোস বেশ দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন। রাজ সিংহাসনে ৪০ বছর থাকার পর ২০১৪ সালে তিনি ছেলের কাছে ক্ষমতা হস্তান্তর করেন।