বঙ্গোপসাগরের সাঙ্গু গ্যাস ফিল্ডের অদূরে একটি ট্রলারডুবির ঘটনায় তিন জেলের সন্ধান গত তিন দিনেও মেলেনি। গত বুধবার সকালে সাগরে মাছ ধরার সময় ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে তারা নিখোঁজ হন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সকালে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার গহিরা গ্রামের ইলিয়াছ কোম্পানির ট্রলারটি ১২ মাঝিমাল্লা নিয়ে সাগরে মাছ ধরতে যান। গত বুধবার সকাল ৮টার দিকে সাঙ্গু গ্যাস ফিল্ডের অদূরে সাগরে জাল ফেলে নোঙর করে ট্রলারটি। হঠাৎ সাগরে নিম্নচাপের প্রভাবে সৃষ্ট ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। এ সময় ডুবে যাওয়া ট্রলারের ১২ মাঝিমাল্লার মধ্যে নয়জনকে পাশের অন্য ট্রলারের জেলেরা জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও অপর তিনজনকে উদ্ধার করতে পারেননি।
নিখোঁজ জেলেরা হলেন আনোয়ারা উপজেলার জুঁইদণ্ডী ইউনিয়নের খুরুসকুল গ্রামের মোহাম্মদ রফিক (৩৫), জুঁইদণ্ডী গ্রামের কফিল উদ্দিন (৩০)। অন্যজন বাঁশখালী উপজেলার হাটখালী এলাকার বাসিন্দা। তবে তার নাম জানা যায়নি।