ফেইসবুকে বন্ধুত্বের ফাঁদ পেতে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে নাইজেরিয়ার চার নাগরিক এবং তাদের এ দেশীয় এক সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাব-৪। গত বৃহস্পতিবার রাতে রাজধানীর পল্লবী ও কাফরুল এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট, ব্যাংকের ডিপোজিট স্লিপ, চেক বই, ১২টি মোবাইল ফোন, একটি ব্যক্তিগত গাড়ি ও তিন লাখ টাকার বেশি জব্দ করা হয়।
গ্রেপ্তাররা হলো ওনোরাহ নামদি ফ্রাঙ্ক, উদেজে ওবিনা রুবেন, ম্যাকদুহু কেলভিন, ফ্র্যাঙ্ক জ্যাকব ও বাংলাদেশি টুম্পা আক্তার। টুম্পা কাস্টমস কর্মকর্তা পরিচয়ে টার্গেট ব্যক্তিদের ফোন করে প্রতারণায় সহায়তা করত।
র্যাব-৪-এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল জানান, গ্রেপ্তাররা সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া নাম-পরিচয়ে অ্যাকাউন্ট খুলে বিপরীত লিঙ্গের লোকজনের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলত। নিজেদের তারা পরিচয় দিত মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে। একপর্যায়ে তারা ফেইসবুক বন্ধুর ঠিকানায় দামি উপহার পাঠিয়েছে বলে জানাত। এরপর কাস্টমস কর্মকর্তা পরিচয়ে তাদের ফোন করত টুম্পা। কথিত উপহারের প্রাপককে বলা হতো আপনার নামে একটি পার্সেল এসেছে। এজন্য ‘কাস্টমস ফি’ হিসেবে নির্দিষ্ট অঙ্কের টাকা দিতে হবে। একটু পর আবারও ফোন করে বলা হতো পার্সেলে অবৈধ সোনা ও বৈদেশিক মুদ্রা রয়েছে। এগুলো বৈধ করার জন্য ফি দিতে হবে, নইলে মানি লন্ডারিং আইনে মামলায় পড়বেন। এভাবে উল্টাপাল্টা বুঝিয়ে টার্গেট ব্যক্তিকে নির্দিষ্ট ব্যাংক হিসাব নম্বরে টাকা পাঠাতে বলা ছিল টুম্পার দায়িত্ব। এভাবে চক্রটি লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে জানা গেছে। তাদের সহযোগীদের গ্রেপ্তারে অভিযান চলছে।