অনলাইন সেমিনারে শিক্ষামন্ত্রী

কারিগরিতে ভর্তির লক্ষ্যমাত্রা ৫০ শতাংশ নির্ধারণ করা হয়েছে

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘প্রযুক্তিনির্ভর দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে ২০৫০ সালের মধ্যে কারিগরি শিক্ষায় ভর্তির হার ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।’ গতকাল শুক্রবার কারিগরি শিক্ষা বোর্ডের আয়োজনে ‘চতুর্থ শিল্পবিপ্লবের সফল অংশীদার হতে কারিগরি শিক্ষার গুরুত্ব’ শীর্ষক এক অনলাইন সেমিনারে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ‘চতুর্থ শিল্পবিপ্লব হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিপ্লব। যেখানে মানুষের স্বাভাবিক জীবন যাপনের সঙ্গে একান্ত সঙ্গী হয়ে যাবে প্রযুক্তি। চতুর্থ শিল্পবিপ্লব আমাদের জন্য একটি চ্যালেঞ্জ। এই বিপ্লবের ফলে গতানুগতিক অনেক চাকরি বিলুপ্ত হবে। আবার নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। এই চ্যালেঞ্জকে আমরা সম্ভাবনায় পরিণত করতে চাই।’

সেমিনারে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘চতুর্থ শিল্পবিপ্লব আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের জনশক্তিকে রিস্কিলিং ও আপস্কিলিং করার প্রয়োজন হতে পারে। এ জন্য আমরা বিভিন্ন রকম শর্ট কোর্স চালু করতে যাচ্ছি।’ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান বলেন, ‘চতুর্থ শিল্পবিপ্লবের ফলে ইনকাম বৈষম্য তৈরি হবে। কিছু লোক অল্প সময়ে প্রযুক্তিগত দক্ষতার কারণে অনেক বেশি আয় করবে আর অন্যদিকে কিছু লোক দীর্ঘ সময় পরিশ্রম করেও কোনো রকম জীবিকা নির্বাহ করবে। তাই শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কারিকুলাম পরিবর্তন করতে হবে।’