দুমকিতে শিশুকে যৌন হয়রানির অভিযোগে দোকানি আটক

পটুয়াখালীর দুমকিতে ৮ বছরের এক শিশুকন্যাকে যৌন হয়রানির অভিযোগে জাকির হোসেন (৪৫) নামের এক দোকানিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে উপজেলার দুমকি-পাতাবুনিয়া সড়কের নাপিতবাড়ী সংলগ্ন এলাকা থেকে ওই  দোকানিকে আটক করে পুলিশ। এ ব্যাপারে দুমকি থানায় একটি মামলা দায়ের হয়েছে।

থানা পুলিশ ও দায়েরকৃত মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত সোমবার উপজেলার দুমকি-পাতাবুনিয়া সড়কের নাপিতবাড়ী সংলগ্ন এলাকার দোকানি জাকির হোসেন চকলেটের লোভ দেখিয়ে এক শিশুকে পেছনের রুমে নিয়ে আদর-সোহাগের ছলে যৌন হয়রানি করে এবং এ ঘটনা কাউকে বললে মেরে ফেলার ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দেয়। শিশুটির মা ঘটনা শোনার পর সম্মানহানি এড়াতে কিছুটা চেপে যান এবং ঢাকার কর্মস্থলে থাকা স্বামীর পরামর্শে শুক্রবার সকালে দুমকি থানায় লিখিত অভিযোগ করেন। পুলিশ লিখিত অভিযোগ পেয়ে দুপুরে দোকানি জাকিরকে আটক করে শনিবার (৮ আগস্ট) বেলা ১১টায় কোর্টে সোপর্দ করেছে।

দুমকি থানার অফিসার ইনচার্জ মো. মেহেদী হাসান বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে শুক্রবার রাতে মামলা রেকর্ড করা হয়েছে। ধৃত আসামি জাকির হোসেনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার (৮ আগস্ট) বেলা ১১টায় কোর্টে চালান দেয়া হয়েছে।