টাঙ্গাইলের মির্জাপুর থানার পুলিশ দুই বন্ধুর গলাকাটা লাশ উদ্ধার করেছে। সিরাজগঞ্জের শাহজাদপুরে পৃথক ঘটনায় উদ্ধার করা হয়েছে দুই তরুণের লাশ। এছাড়া, নওগাঁর মহাদেবপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক ব্যক্তির এবং নেত্রকোনার দুর্র্গাপুর থেকে উদ্ধার করা হয়েছে পানিতে ডুবে নিখোঁজ কিশোরের মরদেহ। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :
টাঙ্গাইল : ঈদের ছুটি শেষে কর্মস্থলমুখী দুই বন্ধুর গলাকাটা লাশ উদ্ধার করেছে টাঙ্গাইলের মির্জাপুর থানা পুলিশ। গতকাল শনিবার সকাল ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দক্ষিণ পাশে মির্জাপুর উপজেলার নাসির গ্লাস ওয়ার ফ্যাক্টরির পূর্বপাশের ডোবা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। পুলিশ এই ঘটনাকে দুর্ঘটনা বললেও স্থানীয় ও নিহতের স্বজনরা বলছেন এটি হত্যাকান্ড।
নিহতরা হলেন কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার ঝান্ডিনগর গ্রামের ফরিদ বেপারীর ছেলে মাসুদ রানা (৩০) এবং রংপুরের কোতোয়ালি থানার চানবাড়ী গ্রামের মকবুল হোসেনের ছেলে মামুন (২৮)। নিহতদের পরিচয় সাংবাদিকদের জানিয়েছেন মির্জাপুর থানার ওসি সায়েদুর রহমান।
ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া নিহতদের সঙ্গে থাকা মোবাইল দিয়ে তাদের স্বজনদের সঙ্গে কথা বলে ওই স্বজনদের বরাতে এসআই দিপু সরকার সাংবাদিকদের বলেন, মাসুদ রানা গাজীপুরে কাশিমপুর গ্রামীণ ফেব্রিক্স ফ্যাশন লি.-এ চাকরিরত ছিলেন এবং মামুন আশুলিয়ার চক্রবর্তী নামক স্থানে বিকাশের এজেন্ট। তারা চক্রবর্তী ফজিলাতুন্নেসা মেডিকেল কলেজের পাশে পাশাপাশি ভাড়া বাসায় থাকতেন। ঈদের ছুটি শেষে তারা দুজনেই মোটরসাইকেলযোগে (ঢাকা মেট্রো-ল-২৭-৫৫৩৮) শুক্রবার রাত ৮টার দিকে কর্মস্থলের উদ্দেশে রওনা দেন।
সিরাজগঞ্জ : শাহজাদপুর উপজেলার গালা ও বানতিয়ার চরের যমুনা নদী থেকে পুলিশ গতকাল শনিবার সকালে পৃথক দুটি ঘটনায় দুই যুবকের লাশ উদ্ধার করেছে। এরা হলেন উপজেলার গালা ইউনিয়নের গালা মাঠপাড়া গ্রামের নূর চাঁদের ছেলে নূর সালাম (৩০) ও টাঙ্গাইল জেলার গোপালপুর থানার বাইসকাইল গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মারুফ হোসেন (২৬)।
নওগাঁ : মহাদেবপুর উপজেলায় মংলা পাহান (৭২) নামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে উপজেলার সফাপুর ইউনিয়নের হামিদপুর গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মংলা পাহান মৃত যাদব পাহানের ছেলে।
নেত্রকোনা : সোমেশ্বরী নদীতে গোসলে গিয়ে এক ভাইকে বাঁচাতে গিয়ে আরেক ভাই নিখোঁজের পরের দিন গতকাল শনিবার তার ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। সকাল ১০টার দিকে স্থানীয়রা নদীর ঘাটে নিখোঁজ রাইদুলের (১৪) লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। মৃত রাইদুল নেত্রকোনার দুর্গাপুর উপজেলার পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের মজিবনগর এলাকার সুন্দর আলীর ছেলে এবং বিরিশিরি পিসিনল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।