ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন তাবলিগের ১৪ সদস্য

করোনাভাইরাস ছড়ানোর অভিযোগে আটক তাবলিগ জামাতের ২৬৫ জন বাংলাদেশি সদস্যের মধ্যে ১৪ জনকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে ভারত। গত শুক্রবার রাত সাড়ে ১১টায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন তাদের কার্যক্রম শেষ করে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে।

ফেরত আসা প্রত্যেকে পাসপোর্টধারী যাত্রী ছিলেন। তারা ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার বাসিন্দা। তাদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য যশোরের ঝিকরগাছার গাজীর দরগাহে রাখা হয়েছে।

জানা যায়, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ২৬৫ জন তাবলিগ জামাতের কর্মী পাসপোর্টযোগে ভারতে যান। দেশটিতে করোনা প্রাদুর্ভাবের সময় তারা দিল্লিতে অবস্থান করছিলেন। তাদের বিরুদ্ধে অভিযোগ আসে তারা ভারতে করোনা সংক্রমণ ছড়াচ্ছেন। পরে দেশটির পুলিশ মার্চ মাসের শেষ দিকে তাদের আটক করে উত্তর প্রদেশের কেন্দ্রীয় কারাগারে পাঠায়। সেখানকার আদালত তাদের এক মাস ১০ দিনের সাজা দেয়। সাজার মেয়াদ শেষ হওয়ায় দুই দেশের রাষ্ট্রীয় পর্যায়ে আলোচনার পর পর্যায়ক্রমে তারা দেশে ফিরে আসছেন।