নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছোট নৌকা দিয়ে বিলে ঘুরতে গিয়ে পানিতে ডুবে তানজিলা আক্তার (১৪) ও নিপা (৯) নামে দুই বোনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকেলে উপজেলার ভোলাব ইউনিয়নের দরিচারিতালুক এলাকার কানি বিলে এ ঘটনা ঘটে। নিহত দুইবোন উপজেলার ভোলাব ইউনিয়নের দরিচারিতালুক এলাকার আবুল কালামের মেয়ে। তানজিলা আক্তার গণবাংলা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ও ছোট বোন নিপা দরিচারিতালুক প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, তানজিলা আক্তার ও ছোটবোন নিপাসহ আরও কয়েকজন মিলে ছোট নৌকা দিয়ে স্থানীয় কানি বিলে ঘুরতে যায়। নৌকায় থাকাকালীন দুষ্টামি করতে গিয়ে তানজিলা আক্তার ও ছোটবোন নিপা পানিতে পড়ে যায়। এসময় তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের পানি থেকে উদ্ধার করেন। ততক্ষণে তানজিলা আক্তার ও ছোটবোন নিপার মৃত্যু হয়।