দুমকিতে শ্লীলতাহানির অভিযোগে দোকানি গ্রেপ্তার

পটুয়াখালীর দুমকিতে ৮ বছরের এক শিশুকে শ্লীলতাহানির অভিযোগে জাকির হোসেন (৪৫) নামের এক দোকানিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার দুপুরে উপজেলার দুমকি-পাতাবুনিয়া সড়কের নাপিতবাড়িসংলগ্ন এলাকা থেকে ওই দোকানিকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে দুমকি থানায় একটি মামলা হয়েছে।

পুলিশ ও মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত সোমবার উপজেলার দুমকি-পাতাবুনিয়া সড়কের নাপিতবাড়িসংলগ্ন এলাকার দোকানি জাকির হোসেন চকলেটের লোভ দেখিয়ে ওই শিশুকে দোকানের পেছনের কক্ষে নিয়ে শ্লীলতাহানি ঘটায় এবং এ ঘটনা কাউকে বললে মেরে ফেলার ভয়ভীতি দেখায়।

গত শুক্রবার সকালে দুমকি থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ দুপুরে জাকিরকে গ্রেপ্তার করে গতকাল শনিবার আদালতে পাঠায়।

দুমকি থানার ওসি মেহেদী হাসান গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে শুক্রবার রাতে মামলা রেকর্ড করা হয়েছে।