মতবিনিময় সভায় ডিএমপি কমিশনার

বিট পুলিশিংয়ের মাধ্যমে সহজেই অপরাধ নিয়ন্ত্রণ করা যায়

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, বিট পুলিশিংয়ের মাধ্যমে সহজেই অপরাধ নিয়ন্ত্রণ করা যায়। গতকাল শনিবার বাংলাদেশ পুলিশ অডিটরিয়াম রাজারবাগে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের সঙ্গে বিট পুলিশিং ও শুদ্ধাচারকৌশল কর্মপরিকল্পনা বাস্তবায়ন সম্পর্কিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এ সময় কমিশনার চলমান বিট পুলিশিং প্রক্রিয়াকে আরও বেগবান করার নির্দেশ প্রদান করেন।

সভাপতির বক্তব্যে শফিকুল ইসলাম বলেন, করোনাকালে যেভাবে আপনারা মানুষের কাছে সেবাকে পৌঁছে দিয়েছেন, ঠিক তেমনি অন্যান্য ক্ষেত্রে এই কার্যক্রম ধরে রাখুন। শুদ্ধাচারের কৌশল হিসেবে কমিশনার বলেন, সবার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করে সমস্যা শুনতে হবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। পুলিশের চেকপোস্টগুলোতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের আরও তদারকির ওপর জোর দেন তিনি। সভায় ডিএমপির ৫০ থানার ৩০২টি বিটের গঠন, বিট অফিসারের দায়িত্ব ও কর্তব্য এবং থানার ওসি, জোনাল এসি ও ডিসি ক্রাইম বিভাগের দায়িত্ব ও কর্তব্যের বিষয় তুলে ধরা হয়।