এক মাস পর হাসপাতাল ছেড়ে বাড়ি ফিরলেন অভিষেক

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শনিবার বিকেলেই নিজের করোনামুক্তির তথ্য জানিয়েছিলেন বলিউড অভিনেতা অভিষেক বচ্চন। এরপর এদিন রাতেই বাড়ি ফেরেন বছর ৪৪-এর ওই অভিনেতা।

গত ১১ জুলাই করোনা সংক্রমণ ধরা পড়ার পরে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি হন অভিষেক বচ্চন।

টানা ২৯ দিন সেখানে চিকিৎসাধীন ছিলেন তিনি। গত ৫ অগস্ট সোশ্যাল মিডিয়া পোস্টে তার হেল্থ কেয়ার বোর্ডের ছবি তুলে তিনি জানিয়েছিলেন, এখনও পুরোপুরি সুস্থ নন। ফলে এখনই ছাড়া পাওয়ার সম্ভাবনা নেই। তবে শনিবার তার কভিড পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। এরপর তার আইসোলেশন ওয়ার্ডের সেই হেল্‌থ কেয়ার বোর্ডটির ছবি দিয়েই তিনি জানান, আজই তাকে ‘ডিসচার্জ’ করা হবে। একই সঙ্গে নানাবতী হাসপাতালের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি।

চলতি সপ্তাহের গোড়ায় সংক্রমণ-মুক্ত হয়ে ফিরেছিলেন বিগ-বি অমিতাভ বচ্চন। এবার করোনাকে জয় করে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন তার পুত্র অভিষেকও।

অভিষেকের এই টুইটের মিনিট খানেকের মধ্যেই টুইট করে পুত্রের আরোগ্যের কথা জানান অমিতাভও। তার পোস্টে অভিষেককে স্বাগত জানানোর পাশপাশি ঈশ্বর এবং শুভাকাঙ্খীদেরও ধন্যবাদ জানিয়েছেন অমিতাভ। 

করোনা আক্রান্ত হওয়ার কারণে অভিষেকের সঙ্গে একই দিনে একই হাসপাতালে ভর্তি হয়েছিলেন অমিতাভও। এর কিছুদিন পরেই করোনা আক্রান্ত হওয়ায় হাসপাতালে ভর্তি হন অভিষেক-পত্নী ঐশ্বরিয়া এবং তাদের কন্যা আরাধ্যাও। যদিও ২৭ জুলাই সুস্থ হয়ে বাড়ি ফিরে যান তারা দু’জনেই।